২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র চর্চার জায়গা’ চান মেনন

রাজনৈতিক দল হিসেবে নিজেদের পায়ে দাঁড়াতে ‘গণতান্ত্রিক স্পেস’ চেয়েছেন আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 12:21 AM

Updated : 18 Aug 2022, 04:56 PM

একাদশ সংসদ নির্বাচন ‘সফল’ হলেও ‘অভিজ্ঞতা সুখকর’ নয় মন্তব্য করে নির্বাচনের ‘যথাযথ মর্যাদা’ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মেনন বলেন, “প্রধানমন্ত্রী ১৪ দলের শরিকদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। কিন্তু যদি গণতান্ত্রিক স্পেস না থাকে তাহলে কেউ সংগঠন নিয়ে এগিয়ে যেতে পারে না। সেই স্পেস তৈরি করতে হবে।”

ক্ষমতাসীনদের সতর্ক করে তিনি বলেন, “যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ দেশের ওপরে নিয়ন্ত্রণারোপ করে তাহলে রাজনৈতিক দল কেবল নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায়ও অপ্রসাঙ্গিক হয়ে উঠবে। এটা যেমন আমাদের জন্য প্রযোজ্য, সরকারি দলের জন্যও তা প্রযোজ্য। নির্বাচনকে তাই যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনতে হবে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারের মন্ত্রী মেনন বলেন, “৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচন সফল নির্বাচন, কিন্তু অভিজ্ঞতা সুখকর নয়। এ নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ এনে ঐক্যফ্রন্ট গণশুনানি করেছে। তাতে দল ও প্রার্থী ছাড়া তারা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। সেক্ষেত্রে শুনানিতে তাদের ঘুমানো ছাড়া অন্য কিছু কী আশা করা যায়?

“তবে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল অবাধ, নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রয়োগের আন্দোলন করে সফলতা অর্জন করেছিলাম। তা যেন এভাবে হারিয়ে না যায়। এ ব্যাপারে সতর্ক হতে হবে।”

উপজেলা নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, “স্থানীয় সরকারের এই নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকে। কিন্তু স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় নেতারা যখন ভোটারদের বলেন-ভোট তো দেখেছ? ভোট দিতে যেতে হবে না।

“তখন সেই ভোট সম্পর্কে কী মনোভাব সৃষ্টি হয়? একটি সামগ্রিক অনাস্থার জন্ম হয়। নির্বাচনে প্রার্থী হতে বাধাদান, মনোনয়নপত্র ছিড়ে ফেলা, উপরমহলের ক্লিয়ারেন্স আছে কি না-সেই নিয়ে প্রার্থীদের পুলিশের প্রশ্ন এবং টাকা ছড়ানোর উদ্বেগজনক খবর আসছে।”

স্থানীয় সরকারের এ নির্বাচনে সাংসদদের প্রভাব না খাটানোর আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেন, “প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যেতে নিষেধ করেছেন। নির্বাচন কমিশনের আইন মেনে চলতে হবে। সরকার ও দলের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়তা বিধান করতে হবে।

“সরকার ও দলের পক্ষ থেকে যদি এই বিষয়ে নিশ্চয়তা বিধান না করা হয় তাহলে মানুষের মাঝে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে তা রয়ে যাবে। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে উপজেলা নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। প্রশাসনের সকল হস্তক্ষেপ মুক্ত করতে হবে। সরকার ও নির্বাচন কমিশন উভয়কেই এই নিশ্চয়তা বিধান করতে হবে।”

দুদকের কর্মকাণ্ডের সমালোচনা করে মেনন বলেন, “দুর্নীতি দমন কমিশন এখন প্রাইমারি স্কুলের টিচারের দুর্নীতিকে আমলে নেন। কিন্তু বেসিক ব্যাংকের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেন না। বেসিক ব্যাংকের সেই সাবেক চেয়ারম্যান দুদকের ধরা-ছোঁয়ার বাইরে।”

পাঠ্যবইয়ে ‘সাম্প্রদায়িকীকরণ’ নিয়ে হতাশা প্রকাশ করেন রাশেদ খান মেনন।

তিনি বলেন, “পাঠ্যক্রমগুলোকে ধর্মীয়করণের প্রচেষ্টা, তেঁতুল হুজুরের আবদারে সংস্কার করা হয়েছে। কুসুম কুমারী, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলালের কবিতা বাদ দেওয়া হয়েছে। হয়ত পাকিস্তান আমলের মতো ‘সজীব করিব মহাশ্মশানের স্থলে সজীব করিব গোরস্থান’ আবৃত্তি করতে হবে।

“কওমী শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকে তেঁতুল হুজুরের দল প্রধানমন্ত্রীকে কওমী জননী উপাধি দিয়েছেন। এই ব্যাপারে আমরা সতর্ক না হলে বুঝতে হবে আমরা কোনো বিষবৃক্ষ রোপন করতে যাচ্ছি।”

জামায়াতে ইসলামী নিয়ে তিনি বলেন, “তাদের রাজনীতির পরাজয় হয়নি। তারা এখন এরদোয়ানের মতো নতুন করে দলকে সংস্কার করে নতুনভাবে হাজির করতে চাচ্ছে। তারা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাচ্ছে। হেফাজতের মোল্লাতন্ত্র দেশে চরম পশ্চাৎপদ ধারণা সৃষ্টি করছে।

“আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাই। কিন্তু সেখানে সাম্প্রদায়িক মানসিকতার বিস্তৃতি ঘটছে।”