২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করুন, ৯০০ কোটি টাকা খরচ নয়: মোশাররফ

বিরোধীরা উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ মনোনীতদেরই নির্বাচিত ঘোষণা করে নির্বাচনী ব্যয় এড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 07:44 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

রোববার কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, “আমরা শুনতে পারছি, উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ৯০০ কোটি টাকা বাজেট করেছে। এর আগে উপজেলা নির্বাচনে ৪০০ কোটি টাকা বাজেট ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে জনগণ ভোটের প্রতি অনাস্থা এবং তাদের যে অবিশ্বাস তাতে জনগণ আর ভোট দিতে আস্থা রাখে না। এই কথা ভেবে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।

“অতত্রব নৌকা প্রতীকে যারা মনোনয়ন পাবে তারাই নির্বাচিত। এখানে ভোটের প্রয়োজন হয় না। আমি বলতে চাই, তাহলে ৯০০ কোটি টাকা খরচ করে নতুন প্রহসনের প্রয়োজন বাংলাদেশের নাই। জনগণের এই ৯০০ কোটি টাকা এভাবে অপচয় করা সমীচীন হবে না।

“আমি সরকার ও নির্বাচন কমিশনকে এই অর্থ অপচয় থেকে বিরত থাকার আহ্বান করব। যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই সেজন্য নৌকার প্রার্থীকে ঘোষণা করে দিলেই নির্বাচনের নাটক শেষ হয়ে যায়।” 

বিএনপি নেতা খন্দকার মোশাররফ উপজেলা নির্বাচনের বরাদ্দ ৯০০ কোটি টাকার কথা বললেও এবার পাঁচ ধাপে ৪৯২টি উপজেলায় ভোটের জন্য প্রায় ৭০০ কোটি বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক জ্বালানিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, “সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্কা না করে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলতে চাই, গ্যাসের দাম তারা কয়েকগুণ বৃদ্ধি করে আজকে যে অবস্থায় রেখেছে আবার যদি বৃদ্ধি করা হয় তাহলে এটা ‘মরার উপরে খাঁড়ার ঘা’ হবে।

“আমরা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই। এই গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। কেননা গ্যাসের ওপর অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড।”

গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো বিভিন্ন ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম প্রায় ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বলে সংবাদমাধ্যমের খবরে এসেছে।

তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার বলেছেন, বাণিজ্যিক ব্যবহার ও শিল্প কারখানায় সরবরাহকৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে এ বিষয়ে গুণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্যাসের দাম বাড়বে কি বাড়বে না, সে সিদ্ধান্ত তারাই দেবে।