২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন ঘন বিদেশিদের কাছে ধর্না রাজনৈতিক দেউলিয়াত্ব: তথ্যমন্ত্রী

বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিছু হলেই তারা বিদেশিদের কাছে ধর্না দেন, যাতে তাদের ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ প্রকাশ পায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 06:06 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আগের দিন গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় তিন দেশের দূতের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ও বিএনপির নেতারা। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন ।

সাংবাদিকরা ওই বৈঠকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “তারা যে কোনো কিছু হলেই বিদেশিদের কাছে ধর্না দেয়। এটি শুধু দেশকে অপমানিত করে তা নয়, তাদের নিজেদেরকেও অপমানিত করা হয়, তাদের দলকেও অপমানিত করে।”

ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, “রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, রাজনৈতিক দল হিসেবে জনগণের দল যদি তারা হয় তাহলে তারা ধর্না দেবে জনগণের কাছে, বিদেশিদের কাছে কেন?“

ঐক্যফ্রন্টের গণশুনানিতে নেতারা ‘গণঘুমে ব্যস্ত’ ছিলেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে, গণশুনানির সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। গণশুনানির নামে এটি আসলে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। গণশুনানির কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেনি।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী-সমর্থকরা গত শুক্রবার ঢাকায় গণশুনানিতে ভোটের দিনের অভিজ্ঞতা আর অভিযোগের ফর্দ তুলে ধরেন কামাল হোসেনসহ সাত সদস্যের প্যানেলের সামনে।

ওই সভা নিয়ে হাছান মাহমুদ বলেন, “তাদের দলেরই একজন নেতা বলেছেন যে, গণশুনানি করার পাশাপাশি তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন; কার কী ভূমিকা ছিল।

“আমি মনে করি, আগে তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কী ভূমিকা ছিল এবং এখন আছে।”

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনকে একটি ‘বৈশ্বিক দুর্যোগ’ আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করে তিনি বলেন, “আমরা অসহায়ত্বের শিকার। ”

প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রশিক্ষণ, পিআইডিতে যে প্রচারণার বিষয় আছে তার আরও জোরদার করার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, “রাষ্ট্র যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেক্ষেত্রে সাংবাদিকসহ সব গোষ্ঠী ভূমিকা রাখতে পারে। আমাদের রাষ্ট্র এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে।

“আমরা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছি, যেটি বিশ্বের দুয়েকটি দেশ গঠন করেছিল। বাংলাদেশ অনেক ক্ষেত্রে পৃথিবীকে পথ দেখিয়েছে।”

ভারতে বিটিভির সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ভারত সরকারের সঙ্গে একটা এমওইউ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।”

এই চুক্তি স্বাক্ষরিত হলে টেরিস্টেরিয়াল চ্যানেল হিসেবে ভারতে বিটিভি দেখা যাবে বলে জানান মন্ত্রী।

আরো খবর-

তিন দেশের দূতের সঙ্গে কামাল হোসেনের বৈঠক  

ঐক্যফ্রন্টের গণশুনানিতে ভোট নিয়ে প্রার্থীদের অভিযোগের ফর্দ  

কলকাতায় বিটিভির সম্প্রচার ‘সুদূরপরাহত’