ড্যাবের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরনো কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য সচিব হলেন ডা. ওবায়দুল কবির খান, কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন ভুঁইয়া মাসুম।
আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব ছিলেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তারা দীর্ঘ দিন ধরে বিএনপির সহযোগী সংগঠনটিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
