২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন আরও দৃঢ় ঐক্য চাই: ফখরুল

জামায়াত নিয়ে কামাল হোসেনের প্রশ্ন তোলার মধ্যেই জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলসহ সবার ঐক্যকে আরও দৃঢ় করার উপর জোর দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2019, 11:17 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

তিনি বুধবার এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, “যারা যে কথাই মনে করুন না কেন, ঐক্যের কোনো বিকল্প নাই। ২০ দলীয় জোট যখন গঠন হয় তখন একই কথা ছিল, জাতীয় ঐক্যফ্রন্ট যখন গঠন হয় তখন এই একই প্রশ্ন এসেছে।

“ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে যে সেতুবন্ধন, সেটা বিএনপি তৈরি করেছে।  সেটার অবশ্যই ঐতিহাসিক প্রয়োজন ছিল এবং আছে। আমরা মনে করি, এখন আরও বৃহত্তর ঐক্য প্রয়োজন।”

বিএনপি তাদের ২০ দলীয় জোট রেখে এবার নির্বাচনের আগে কামাল হোসেন, আ স ম রব, আবদুল কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্নার দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে।

নির্বাচনে ভরাডুবির জন্য ‘ভোট ডাকাতি’কে দায়ী করার পর সম্প্রতি কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ভুল ছিল।

বিএনপি ঐক্যফ্রন্টকে না জানিয়েই তাদের ২০ দলীয় জোটসঙ্গী জামায়াতের নেতাদের প্রার্থী করেছে বলে কামালের অভিযোগ। ভোটে বিজয়ীদের শপথ নেওয়া নিয়েও তাদের মধ্যে ভিন্নমতের প্রকাশ ঘটেছে।

জাতীয় প্রেস ক্লাবের এই আলোচনা অনুষ্ঠানে ফখরুল বলেন, “রাজনীতি করলে প্রশ্ন থাকবে। প্রশ্ন না থাকলে তো রাজনীতি হবে না। কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে কোন উদ্যোগ সঠিক কি বেঠিক, সেই বিষয়ে আলোচনা আছে। সেই আলোচনাগুলোর জন্য ফোরাম রয়েছে। আমরা আশা করব, সেসব ফোরামগুলোতে বিষয়গুলো সঠিকভাবে আলোচনা হবে।”

খালেদা জিয়াকে কারাগারে রেখে ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নেওয়ার সময় ফখরুল বলেছিলেন, তাদের নেত্রীর সম্মতি নিয়েই এই পথে এগোচ্ছেন তারা।

তবে বিএনপি নেতাদের অনেকের মধ্যেই মতভিন্নতা ছিল; কেন্দ্রীয় নেতাদের কয়েকজন নির্বাচনে অংশ না নিয়ে বলেন, দলীয় প্রধানকে বন্দি রেখে তারা ভোট করতে চান না।

আওয়ামী লীগকে হটাতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার গুরুত্ব নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। 

“কেউ যদি মনে করে থাকেন যে, একা বা এককভাবে ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না। তাদের পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। সেই জনগণের ঐক্যের মধ্য দিয়ে আপনাকে সেই বিজয় অর্জন করতে হবে।

“এই নির্বাচন আমরা মানি না। এখন রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব হচ্ছে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরও বেশি দৃঢ় করা।”

দলের তরুণেদের আশা দেখিয়ে ফখরুল বলেন, “বন্ধুগণ হতাশ হবেন না। আমাদের অনেকের বয়স হয়ে গেছে, ভাবি আর বোধ হয় কিছুই হবে না। অবশ্যই হবে।

“আমাদের সামনে নতুন প্রজন্ম আছে। তাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। তারা আরও বেশি করে ঐক্যবদ্ধ হবে, আরও বেশি করে দেশকে তারা ভালোবাসবে। দেশকে ভালোবেসে তারা সামনের দিকে এগিয়ে যাবে।”

একাদশ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগের একটা বড় ক্ষতি হয়ে গেছে। তারা এদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি। তাদের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে, সেই অতীত হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অতীত এবং সবসময়ে সামনে থাকবার একটা অতীত।

“এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে এমনকি আওয়ামী লীগের যারা সমর্থক তারা পর্যন্ত বলেছেন, আমি আমার ভোটটা দিতে পারলাম না কেন?”

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রয়াত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ টি এম ফজলে রাব্বী চৌধুরীর স্মরণে এই আলোচনা সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন দলটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, যুগ্ম মহাসচিব এসএমএম শামীম, সভাপতিমণ্ডলীর সদস্য এএসএমএস আলম, নওয়াব আলী আব্বাস খান, শফি উদ্দিন ভুঁইয়া, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মহসীন সরকার, কাজী মো. নজরুল, ভাসানী স্মৃতি ফোরামের কামরুল হুদা ও প্রয়াত নেতার ছেলে মইনুল রাব্বি চৌধুরী।

গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী ও সাংসদ ফজলে রাব্বী চৌধুরী। তার মৃত্যুর কারণে গাইবান্ধার সংসদীয় আসনটিতে ভোট পরে হচ্ছে।