২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুর অসুস্থতার খবর ‘অতিরঞ্জিত’: জাসদ

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর শারীরিক অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোকে ‘অতিরঞ্জিত’ বলেছে তার দল জাসদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 02:50 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক এ দলটি জানিয়েছে, তাদের সভাপতি হাসানুল হক ইনু ‘সুস্থ’ রয়েছেন এবং মঙ্গলবার সকাল থেকে নিজের বাসায় দলীয় কার্যক্রমও পরিচালনা করছেন।

সোমবার বিকালে বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ইনুর অনুপস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন সংবাদমাধ্যমে তার অসুস্থতার খবর আসে। কোনো কোনো সংবাদ মাধ্যম ইনুর ‘গুরুতর অসুস্থ হয়ে’ রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়ারও খবর দেয়।

জাসদের পক্ষ থেকে সেসব খবরকে বলা হচ্ছে ‘বিভ্রান্তিকর’।

দলের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সভাপতি গতকাল রুটিন চেকআপের জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়েছিলেন। অথচ খবর প্রকাশিত হল তিনি গুরুতর অসুস্থ। সত্যি খবর হল, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”

দশম জাতীয় সংসদে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা কুষ্টিয়ার সাংসদ ইনুকে নতুন সরকারের মন্ত্রিসভায় রাখেননি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথম তিনি শরিক দলের কাউকে না নিয়ে সরকার গঠন করেছেন।