কর্মকৌশল নির্ধারণে বিকালে বসছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি
একাদশ নির্বাচনের পর পরবর্তি কর্মকৌশল ঠিক করতে বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
মঙ্গলবার বিকাল ৪টায় বেইলি রোডে কামাল হোসেনের বাসায় এই বৈঠক হবে বলে ফ্রন্টের মিডিয়া উইংয়ের সমন্বয়ক লতিফুল বারী হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুইদিনের মধ্যে এটি হবে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠক। গত রোববার (৬ জানুয়ারি) মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে হয়েছিল কমিটির সবৈঠক।
বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে স্টিয়ারিং কমিটির সদস্য জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, “ঐক্যফ্রন্ট জনগণের জন্য সাত দফা দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছিল তা অব্যাহত থাকবে। এর মধ্যে একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি রয়েছে।
“একটা ভুয়া ও ভোট জালিয়াতির নির্বাচন হয়ে গেছে। ক্ষমতাসীনরা একটা সংসদ থাকা অবস্থায় আরেকটি সংসদের সদস্য হিসেবে অবৈধভাবে শপথ গ্রহণ করেছেন। আমরা আজকে এসব বিষয়ে পরবর্তি করণীয় ঠিক করব। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয় মেয়াদে সরকারে আওয়ামী লীগ।
ওই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসন পেয়েছে। এর মধ্যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশাররফ হোসেন (বগুড়া-৪), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), গণফোরামের সুলতান মো. মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) আসনে নির্বাচিত হয়েছেন।
একাদশ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃভোটের দাবি জানিয়ে আসা ঐক্যফ্রন্টের বিজয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে শপথও নেননি।
তবে গত শনিবার ফ্রন্টের নেতা কামাল হোসেন তার দল গণফোরামের দুই নেতার শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু রোববার স্টিয়ারিং কমিটির বৈঠকের পর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জেএসডি নেতা রব জানিয়ে দেন, ফ্রন্টের কেউই শপথ নিচ্ছেন না।
গত বছরের নভেম্বরে বিএনপি, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, নাগরিক ঐক্যকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন ড. কামাল হোসেন।
