২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির খোকনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2019, 06:02 PM

Updated : 25 Jul 2022, 08:10 PM

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে শাহবাগ থানা পুলিশ খোকনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে।

খোকনের পক্ষে তার আইনজীবী গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে বিচারক আগামী ১০ জানুয়ারি তার পক্ষে জামিন শুনানির জন্য দিন রাখেন।

এ মামলায় খোকন অভিযোগপত্রভুক্ত আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের সংশ্লিষ্ট পুলিশ কমকর্তা এসআই মাহমুদুর রহমান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ ডিসেম্বর জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশী বাজারের আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে তিনি গুলশানের বাসায় ফেরার পথে আসামিরা হাই কোর্ট মাজারে সামনে রাস্তা বন্ধ করে মিছিল করে স্লোগান দিতে থাকে।

পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই হামলায় পুলিশের এসআই দেবরাজ চক্রবর্তী, আনসার সালাম গুরুতর জখম হন।

এরপর ওইদিনই শাহবাগ থানার এসআই রমজান হোসেন ৬২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই শাহ আলম মিয়া গত ২০ ডিসেম্বর খায়রুল কবীর খোকনসহ ৮২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

গত ২৯ নভেম্বর বিশেষ নিরাপত্তা আইনের এক মামলায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খায়রুল কবীর খোকন।  

বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

পরে গত ১৯ ডিসেম্বর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।

পুরনো খবর:

বিএনপি প্রার্থী খোকনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ