ধরে নিচ্ছি সামনে ভালো হবে: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের সঙ্গে আলোচনা করেই ‘দেশের বৃহত্তম স্বার্থে’ একাদশ সংসদে বিরোধী দলের ভূমিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, “যে কোনো কারণেই হোক, এখন মহাজোটেই এ সিদ্ধান্তটি হয়েছে। আমরা ধরে নিচ্ছি, এটাতে সামনে আমাদের ভালো হবে।”
শুক্রবার সকালে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এরশাদ তার দলের অবস্থান ঘোষণা করার পর বিকালে বারিধারায় তার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তার ছোট ভাই কাদের।
ওই বিবৃতিতে এরশাদ ঘোষণা দেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। তিনি হবেন বিরোধী দলীয় নেতা। পার্টির কো চেয়ারম্যান কাদের হবেন উপ নেতা। গতবারের মত এবার আর জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় থাকবেন না।
জি এম কাদের বলেন, “আমি যেটুকু জানি, চেয়ারম্যান সাহেব মহাজোটের সাথে আলোচনা করে দেশের বৃহ্ত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন।”
বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জি এম কাদের সাংবাদিকদের বলেছিলেন, মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা জাতীয় পার্টির সংসদ সদস্যরা এবার মহাজোট সরকারেই ‘থাকতে চান’।
আর দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছিলেন, “জাতীয় সংসদে বিরোধী দল দেখতে চায় না জনগণ।”
সেক্ষেত্রে এরশাদ দলের সদস্যদের মতের বাইরে গিয়ে বিরোধী দল থাকার সিদ্ধান্ত কেন নিলেন জানতে চাইলে জি এম কাদের বলেন, “গতকাল যেটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা মহাজোটের সঙ্গে থাকতে চাই। কিন্তু পরে আমাদের চেয়ারম্যান মহাজোটের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। জোট যখন সিদ্ধান্ত নিয়েছে, আমাদের চেয়ারম্যান তাতে রাজি হয়েছেন।”
কাদের নিজে যে এরশাদের ওই সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তা তার কথাতেই স্পষ্ট।
“মহাজোট সরকারের বাইরে এসে কাজ করতে হবে, চেষ্টা করব আমরা। সমস্যা কিছু তো আছেই। সেটা তো আমরা কালকে তুলে ধরেছি।”
তবে এরশাদের সিদ্ধান্তের কারণে দলে কোন্দলের কোনো আশঙ্কা দেখছেন না তার ছোট ভাই।
“কোন্দলের প্রশ্নই আসে না। দলের সিদ্ধান্ত ছিল, আমরা জোটের সঙ্গে ছিলাম, জোটের সঙ্গে থাকব। বৃহত্তর স্বার্থে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, জোটের সঙ্গে কথাবার্তা বলে। তো সে হিসেবে আমি মনে করি যে দলে কোন্দলের কোনো স্কোপ আর নাই।“
শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে না পারলেও এরশাদ রোববার অথবা সোমবার শপথ নিতে পারেন বলে জানান জি এম কাদের।
তিনি বলেন, “তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি আজকালের মধ্যে চেক-আপ করাবেন একবার। তার পরদিন শপথ নেবেন। তিনি আশা করছেন, শিগগিরই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।“
এরশাদ নিজে বিরোধী দলীয় নেতা হলে দশম সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ক্ষেত্রে কী হবে- এ প্রশ্নের কোনো উত্তর দেননি জি এম কাদের।
জাতীয় পার্টির বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি এরশাদের স্ত্রী রওশন।
তার ব্যক্তিগত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রওশন ঢাকাতেই আছেন। তবে তিনি দলের কোনো নেতাকেই এখন ‘দেখা দিচ্ছেন না’।
