২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলা: আর আদালতে ‘যাবেন না’ খালেদা

নাইকো দুর্নীতি মামলার অভিযোগে গঠনের শুনানিতে হাজির হয়ে আদালতের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; বলেছেন তিনি আর আসবেন না। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 07:48 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

এগারো বছর আগে জরুরি অবস্থার সময় দায়ের করা এ মামলার বিচার কাজ চলছে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বসানো বিশেষ এজলাসে।

জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গতবছর ফেব্রুয়ারি থেকে এই কারাগারেই রাখা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হুইল চেয়ারে বসিয়ে কারাগার থেকে আদালতে আনা হয় নাইকো মামলার আসামি খালেদা জিয়াকে।

শুনানি শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন বলেন, এখন কোনো কথা তিনি বলবেন না।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এদিন প্রায় ৩০ মিনিট মামলার এহাজার ও অভিযোগপত্র থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান।

দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ গঠন করার সুপারিশ করেন তিনি।

মামলার আসামিদের মধ্যে ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়ার (সিলভার সেলিম) আইনজীবী তার মক্কেলকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন।

আর আসামি গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেন ও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইনের পক্ষে সময় চান তার আইনজীবীরা।

পরে বিচারক শেখ হাফিজুর রহমান ১৩ জানুয়ারি শুনানির পরবর্তী দিন রেখে এজলাস ত্যাগ করেন।

দুপুরে এজলাস কক্ষে এসেই পুলিশ দেখে বিরক্তি প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি প্রশ্ন করেন,আইনজীবীরা কোথায় বসবে?

পরে আদালতকে তিনি বলেন, “এ রকম জায়গায় মামলা চলতে পারে না। আমি আর আসব না।”

শুনানি শেষে বেরিয়ে যাওয়ার আগে খালেদা জিয়া এ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এবং আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এজে মোহাম্মদ আলী ও আব্দুর রেজাক খানের সঙ্গে মিনিট দশেক কথা বলেন। পরে তাকে কারাকক্ষে নিয়ে যাওয়া হয়।

দুটি দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। ৩০ ডিসেম্বর নির্বাচনে তার দল বিএনপির ভরাডুবি হয়েছে। 

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০০৭ সালে ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় আসামির সংখ্যা বেশি, কাহিনীও বড়। এভাবে শুনানি আগালেই চলবে।”