বগুড়ায় মান্নার হোটেলে ‘ডিবির অবস্থান’
ভোটের দুই দিন আগে বগুড়ার হোটেলে গোয়েন্দা পুলিশ অবস্থান নিয়ে নেতাকর্মীদের আসার পথ বন্ধ করার অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বগুড়া শহরে আসলে সাধারণত হোটেল নাজ গার্ডেনে ওঠেন মান্না, যেখানে বৃহস্পতিবার ‘গোয়েন্দা পুলিশের জ্যাকেট পড়া’ লোক অবস্থান করে তাকে নেতাকর্মী ও ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মান্না সাংবাদিকদের বলেন, তিনিও বুঝতে পারছেননা ডিবি পুলিশ দ্বারা তিনি অবরুদ্ধ কি না, কিংবা তাকে গ্রেপ্তার করা হবে কি না ?
ঘটনার বর্ণনা দিয়ে মান্না সাংবাদিকদের বলেন, “সন্ধ্যায় নিজের কক্ষ থেকে চা খেতে বেরিয়ে দেখি, ডিবির জ্যাকেট পরা লোকজন হোটেল লবিতে অবস্থান করছে। শুনলাম হোটেল অথরিটির কাছে তারা আমার রুম নম্বর জানতে ও রুম তল্লাশি করতে চেয়েছে।
“ডিবির লোকদের কাছে জানতে চাইলে তারা বলে, স্যার আমরা আপনার সিকিউরিটির জন্য এসেছি। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে , তারা আসলে সিকিউরিটির নামে আমাকে কর্মী ও ভোটার এবং জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে।”
পুলিশি হয়রানির অভিযোগ করে তিনি বলেন, “আমার নির্বাচন পরিচালনা কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবাইকে মামলার আসামি করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“হয়ত তারা আমাকেও গ্রেপ্তার করতে পারে। করলে করুক আমি ভয় পাই না।”
তবে নাজ গার্ডেনে গোয়েন্দা পুলিশের সদস্যরা যায়নি বলে দাবি করেছেন বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাজ গার্ডেনে ডিবির কোনো টিম যায়নি। কোনো রাজনৈতিক ব্যক্তিকে হয়রানির জন্য ডিবি কখনও কাজ করে না, করবেও না। অনেকে আমাকে বিষয়টি বলেছে, আমাদের লোক সেখানে যায়নি বলে আমি তাদেরকে বলেছি।”
