সরকারের নৈতিক পরাজয় হয়েছে: ফখরুল
নির্বাচনে সরকারের ‘নৈতিক পরাজয়’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটের প্রচারের শেষ দিন বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ফখরুলের এ মন্তব্য আসে।
তিনি বলেন, “সরকারের ইতোমধ্যে নৈতিক পরাজয় হয়েছে। মোরাল ডিফিট। তাদের পরাজিত হতে হয়েছে। কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে এই নির্বাচন মোকাবিলা করার জন্য। আমরা এরইমধ্যে নৈতিক বিজয় পেয়ে গেছি।”
নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়ে আসা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনে কামাল হোসেনের কার্যালয়ে ‘জরুরি’ বৈঠকে বসেন। এরপর সংবাদ সম্মেলনে এসে দেশের মানুষকে আগামী রোববার ‘ভোট বিপ্লবে’ শামিল হওয়ার আহ্বান জানান কামাল।
ফখরুল বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর তারা ড. কামাল হোসেনের নেতৃত্বে এই ধানের শীষে ভোট দিয়ে বিজয় আনবে।”
গণতন্ত্রের ‘মুক্তির’ জন্য, রাষ্ট্রের ওপর ‘জনগণের মালিকানা’ প্রতিষ্ঠা করার জন্য ধানের শীষে ভোট দিতে দেশের ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকে বস্তুনিষ্ট সঠিক সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “সংবাদ মাধ্যম যারা আছেন, তাদের নৈতিক দায়িত্ব সঠিক বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা। কোনো চাপের কাছে, ভীতির কাছে মাথানত না করে সঠিকভাকে বিষয়টা তুলে ধরা। তাহলে জাতির প্রতি আপনাদের দায়িত্ব পালন করা হবে।”
কৃষক শ্রমিক জনতা নেতা কাদের সিদ্দিকী দাবি করেন, গত ১০ ডিসেম্বর থেকে ভোটের মাঠে কাজ করে জনগণের সাড়াকে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন।
“যারা ৬৯ দেখেছেন, ৭১ দেখেছেন, তারা এবারের ঐক্য দেখলে বিস্মিত হতেন। কর্মীরা খুব একটা ভয় পেয়েছে- এটাও সত্য নয়। খুব নাজেহাল করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। কিন্তু এতে মানুষ আরও বিক্ষুব্ধ হচ্ছে এবং এই ১০/১২/১৬ দিনে যা করেছে, তাতে বর্তমান সরকা নিজেরই ক্ষতি করেছে।”
কামাল হোসেন ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ কায়সার, মোমিনুল ইসলাম, জাহেদ উর রহমান স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নেন।
প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সারাদেশের নির্বাচনী পরিস্থিতি, সহিংসতা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী ও গণদলের সভাপতি গোলাম মাওলা চৌধুরী বৈঠকে ছিলেন।
