২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের শীষের প্রার্থী বাতিলে সরকার আদালতকে ব্যবহার করছে: ফখরুল

ধানের শীষের প্রার্থিতা বাতিলে সরকার আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 01:09 AM

Updated : 19 Aug 2022, 03:03 PM

বুধবার রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

বিএনপি ৮ জন প্রার্থীসহ নিবন্ধনহারা জামায়াতে ইসলামীর ২৩ জন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নিয়ে করা এক আবেদনে আদালতের নির্দেশনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

ফখরুল বলেন, “বিএনপির ৮ জন প্রার্খীকে সরকার ও সরকার দলীয় ব্যক্তিদের দায়ের করা মামলায় আদালত অযোগ্য ঘোষণা করেছে।

“এবার বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষ প্রতীকের ২৩ জন প্রার্থী মনোনয়নের বিষয়ে সরকারদলীয় একজন আইনজীবী রিটে নির্বাচন কমিশনের প্রতি তিন কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা জারি করে মূলত সরকার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

ভোটের তফসিল ঘোষণার পর যে কোনো আপত্তি নিষ্পত্তির জন্য নির্বাচন ট্রাইবুনাল ছাড়া আর কোনো কর্তৃপক্ষের বিবেচনার সুযোগ নেই, দাবি করেন বিএনপি মহাসচিব।

“প্রার্থীদের প্রার্থিতার বিরুদ্ধে আবেদন ও তা নিষ্পত্তির জন্য আদালতকে ব্যবহার নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এসব বেআইনি অপচেষ্টা বন্ধ করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে ফখরুল বলেন, “নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার বিরোধীদলীয় জোটের প্রার্থীদের নানাভাবে হয়রানি করছে।”