বিএনপির মনোনয়নে সংস্কারপন্থিরা
জরুরি অবস্থার সময় ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হয়ে যারা বিএনপিতে অপাঙক্তেয় হয়ে পড়েছিলেন, তাদের অনেকেই এবার ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
প্রায় এক যুগ ক্ষমতার বাইরে থাকার পাশাপাশি মামলায় জেরবার বিএনপি কিছু দিন আগে দূরে থাকা এই নেতাদের ফেরত আনার উদ্যোগ নিয়েছিল।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকও করেছিলেন তারা।
একাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে সোম ও মঙ্গলবার দেওয়া যাদের প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি, তার মধ্যে অন্তত ১৩ জন ‘সংস্কারপন্থি’র নাম পাওয়া গেছে।
তারা হলেন রাজশাহী-৪ আসনে আবু হেনা, নওগাঁ-৬ আসনে আলমগীর কবির, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল, বরিশাল-২ আসনে শহীদুল হক জামাল, পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার, নারায়ণগঞ্জ-৫ আসনে আতাউর রহমান আঙ্গুর, ঝালকাঠি-২ আসনে ইলেন ভুট্টো, সুনামগঞ্জ-২ আসনে নজির হোসেন, বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা, বগুড়া-৫ আসনে জি এম সিরাজ, যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি, জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ খলিলুর রহমান।
এদের মধ্যে তৃপ্তিসহ কয়েকজনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে হয়েছে।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিজ নিজ দলের নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা হয়েছিল।
তখন তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূইঁয়ার নেতৃত্বে একদল দলে সংস্কারের দাবি তুলেছিল। তখন গ্রেপ্তার হওয়ার আগে মহাসচিব মান্নান ভূঁইয়া, তৎকালীন যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, তৎকালীন দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বহিষ্কার করে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ২৫ অক্টোবর বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কারপন্থিরা
খালেদা বন্দি অবস্থায় তখন দুটি ধারায় বিএনপি চলছিল; তবে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর সংস্কারপন্থিরা চুপসে যান, তাদের কাউকে কাউকে দলে ফেরানো হলেও অনেকে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কয়েকজনকে বহিষ্কার করা হয়।
তখন যারা বহিষ্কৃত হয়েছিলেন কিংবা অন্য দলে চলে গিয়েছিলেন, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তাদের দলে ফেরাতে সম্প্রতি উদ্যোগী হয় বিএনপি।
মনোনয়নে নেতাদের স্ত্রী-সন্তানরা
বিএনপির প্রয়াত নেতাদের বেশ কয়েকজনের স্বজন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনে প্রয়াত সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান, যশোর-১ আসনে প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, মানিকগঞ্জ-২ আসনে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ ডাবলু, গাজীপুর-৩ আসনে প্রয়াত আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, মানিকগঞ্জ-১ আসনে প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে মাইনুল ইসলাম শান্ত প্রত্যয়নের চিঠি পেয়েছেন।
মানিকগঞ্জ-৩ আসনে প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা, নওগাঁ-৩ আসনে প্রয়াত ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ হামিদ সিদ্দিকী, জয়পুরহাট-১ আসনে প্রয়াত মোজাহের আলী প্রধানের ছেলে মাসুদ রানা এবং প্রয়াত আবদুল আলীমের ছেলে ফয়সল আলীম, চাঁদপুর-২ আসনে প্রয়াত নুরুল হুদার ছেলে তানভীর হুদা, ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনে প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন তাপস মনোনয়ন পেয়েছেন।
প্রয়াত ফজলুর রহমানের স্ত্রী কামরুন্নাহার শিরিন নাটোর-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
