লাঙ্গলের এত প্রার্থী, সামাল দেওয়া যাচ্ছে না: হাওলাদার
কথা থাকলেও ‘রাজনৈতিক কৌশলগত কারণে’ জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হল না।
দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের দলটা এত বড়! ৪০-৫০-১০০ তে আমরা সামাল দিতে পারছি না।”
জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রাথমিক ঘোষণা দিয়ে রেখেছে। আওয়ামী লীগ বলছে, তারা জোট শরিকদের ৬৫-৭০টি আসন ছাড়তে পারে।
তবে একাই অর্ধশত আসন প্রত্যাশী জাতীয় পার্টির মহাসচিব বলেছেন, বেশ কটি আসন উন্মুক্ত থাকার আশায় তারা ২০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন।
জাতীয় পার্টি থেকে সোমবার মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে ১৫৭ জনকে। তবে সে চিঠিগুলোর সঙ্গে প্রত্যাহারের আবেদনও থাকছে। মহাজোটের প্রার্থী চূড়ান্ত হলে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এই পদক্ষেপ।
হাওলাদার বলেন, মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর তারা নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
“তারা কতটা আসন দেবে, তখন পরিষ্কার থাকবে। সকলের বোঝানোর জন্য তখন আমরা মহাজোটগতভাবে একটি প্রেস কনফারেন্স করব। তখন আমাদের দলের অবস্থান আমরা তুলে ধরব।”
মহাজোটের কাছে কতটি আসন পেয়েছেন- প্রশ্নে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এটা রাজনৈতিক কৌশল ও সমীকরণের ব্যাপার। মহাজোটের রূপরেখা নির্মাণ হচ্ছে। মহাজোটের প্রার্থী বাছাইয়ের কাজ চলতে আছে। আমাদের কোনো মতপার্থক্য হয়নি। সমঝোতা চূড়ান্ত।”
জাতীয় পার্টির মনোনয়নের চিঠি নিতে বনানীতে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কার্যালয়ে ভিড় করছিলেন লাঙ্গলের প্রার্থী হতে ইচ্ছুক ও তাদের সমর্থকরা।
২৮৬৫টি মনোনয়ন ফরম বিক্রির পর সেখান থেকে ৭৮০ জনকে বাছাই করে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। সেখান থেকে ৩০০ প্রার্থীকে বাছাই করা হয় চূড়ান্ত মনোনয়নের জন্য।
চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে ১৫ সদস্যের পার্লামেন্টারি বোর্ডের ভূমিকা নগন্য ছিল বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। এরশাদ নিজেই এই সিদ্ধান্ত নেবেন।
এদিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ার পর এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্তে হতাশ জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে মনোনয়ন প্রত্যাশী শফিকুর রহমান সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আসন থেকে আওয়ামী লীগ ইতোমধ্যে সাদেক খানের নাম ঘোষণা করেছে। আমার প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। দেখি দল কোন থিসিস দেয়। সেই থিসিস অনুযায়ী আমাদের সামনে পথ চলতে হবে।”
নওগাঁ-৩ আসনে (বদলগাছি-মহাদেবপুর) মনোনয়ন প্রত্যাশী দলের যুগ্ম মহাসচিব মো. তোফাজ্জ্বল হোসেন বলেন, “এলাকায় জাতীয় পার্টির অবস্থান খুব ভালো ছিল। এবার আওয়ামী লীগ ও বিএনপির কেউ আমাদের হারাতে পারত না। এখন অপেক্ষা করছি, আসনটি যদি উন্মু্ক্ত রাখা হয়।”
তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এনাম জয়নাল আবেদীন বলেন, “তিনজন থেকে বাছাই করে দল আমাকেই শেষ পর্যন্ত মনোনীত করেছে। যদিও আমার আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। আসনটি উন্মুক্ত থাকলে সেখানে আওয়ামী লীগ, বিএনপির সাথে জাতীয় পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে।”
জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যে তিনটি আসন থেকে নির্বাচন করতে চাইছিলেন, তার দুটি ঢাকা-১৭ এবং সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা দিয়েছে।
নারায়ণগঞ্জ-১ আসন থেকে এরশাদের জন্য মনোনয়ন চাওয়া হলেও সেখানে গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আসনটি নিয়ে দেনা দরবার করা হতে পারে বলে আভাস দিয়েছেন দলটির বেশ কজন নেতা।
পটুয়াখালী-১ আসনে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বর্তমান সংসদ সদস্য হলেও সেখানে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। এখন সে আসনটি যেন উন্মুক্ত রাখা হয়, তার জন্য জাতীয় পার্টি দেনদরবার করবে।
ঢাকা-১ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম হলেও সেখানে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সালমান এফ রহমানকে।
চট্টগ্রাম-৯ আসনেও একই চিত্র। সেখানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু হলেও আওয়ামী লীগ তাদের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে প্রার্থী করছে।
আওয়ামী লীগের প্রার্থীরা মহাজোটেও টিকে গেলে জাতীয় পার্টি তাদের প্রার্থী রাখবে কি না, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনও।
