২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আদেশ ২৬ নভেম্বর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না সেই বিষয়ে আদেশের তারিখ আগামী ২৬ নভেম্বর ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 02:12 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

বৃহস্পতিবার মামলাটিতে আদেশের জন্য ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ফের আবেদন করে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, “মামলাটিতে তদন্ত কর্মকর্তা খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য চারটি ধার্য তারিখ পার হয়ে গেছে। আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জোর আবেদন করছি।”

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৬ নভেম্বর আদেশের জন্য তারিখ ঠিক করেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া।

বক্তৃতার এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

“আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরা এ জবর দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।”

মামলাটিতে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। গত ২৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে বর্তমানে কারাগারে আছেন খালেদা জিয়া।