২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গায়েবী’ মামলার তালিকা দিল বিএনপি

গণভবনে প্রথম দফা সংলাপের সিদ্ধান্তের অংশ হিসেবে দেশজুড়ে দায়ের হওয়া ‘গায়েবী’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 01:49 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে ওই তালিকা বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদের কাছে পৌঁছে দেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ১ সেপ্টেম্বর থেকে দায়ের করা ১ হাজার ৪৬টি গায়েবী মামলার তালিকা আমরা দিয়েছি। এটি আংশিক। এই তালিকার অনুলিপি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।

বিএনপি দাবি করে আসছে, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪ হাজার ৩৭১টি মামলায় বিএনপির ২৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

Image
সময় টিভি থেকে নেওয়া ছবি

সময় টিভি থেকে নেওয়া ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সদ্য প্রয়াত তরিকুল ইসলামও এর মধ্যে কয়েকটি মামলার আসামি।

নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির একটি হল খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার মুক্তি।

গত ১ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের প্রথম দফা সংলাপে এ দাবিগুলো তুলে ধরেন মির্জা ফখরুল।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা থাকলে তার তালিকা চেয়ে বলেন, সেগুলো রাজনৈতিক মামলা হয়ে থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।