ঢাকায় জনসভার অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট: রিজভী
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জনসভার জন্য মহানগর পুলিশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
কামাল হোসেন নেতৃত্বাধীন এ জোটের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার পুলিশ কমিশনার কালকের জনসভার জন্য অনুমতি দিয়েছেন। লিখিত কাগজটি আমরা বিকালেই পেয়ে যাব।”
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
গত ১৩ আগস্ট গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।
সোমবার কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও নির্বাচন সামনে রেখে গঠিত এই জোটে যোগ দিয়েছে।
ঢাকার আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করেছে সাত দফা দাবিতে একজোট হওয়া ঐক্যফ্রন্ট। আগামী ৮ নভেম্বর রাজশাহীতে তাদের জনসভা করার কর্মসূচি রয়েছে।
খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও রয়েছে ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে।
