সংলাপের সুরাহার আগেই তফসিল উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর চলমান সংলাপ শেষ হওয়ার আগেই একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের তোড়জোড়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন রুহুল কবির রিজভী।
সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চলছে, সেই সংলাপে সংকটের সুরাহা না হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় করছে নির্বাচন কমিশন, যা উদ্দেশ্যেপ্রণোদিত। এমনকি নির্বাচন কমিশনের সদস্যদের মতামতকেও অগ্রাহ্য করা হচ্ছে; গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে।”
রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, নিজ আইনসঙ্গত ক্ষমতাবলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন।”
সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়ে শনিবার নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেনও।
বিরোধী রাজনৈতিক দলগুলোর তফসিল ঘোষণা পেছানোর আহ্বানের মধ্যেই বিকালে নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৮ নভেম্বর একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
‘সংলাপে এসে আন্দোলন কেন’ প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে পারলে বিরোধী রাজনৈতিক দলগুলো তো আন্দোলনের পথে যাবে না। সংকট নিরসনের চাবিকাঠি আপনার হাতে।’
ঝিনাইদহ, বরিশাল, গাজীপুর, ফেনী, বগুড়া, টাঙ্গাইল, গাইবান্ধা, ঢাকা মহানগরসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের তালিকা তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা।
