আমীর খসরুর অন্তর্বর্তীকালীন জামিন
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতা, উসকানি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এ মামলা হয়েছিল।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আদেশে আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তিতে আইনগত কোনো বাধা নেই। কারণ কারাগারে থাকার মত আর কোনো মামলা তার নামে।”
অন্যদিকে জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
“জামিন মঞ্জুর করে আদালত তার স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেছে। আমরা এ জামিন আদেশের বিরুদ্ধে আপিলে যাব।”
এ মামলায় গত ২৭ অগাস্ট হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী; যা পরে আপিল বিভাগও বহাল রাখে।
এ আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ৭ অক্টোবর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
সেদিন বিচারিক আদালত জামিন আবেদনটি ২১ অক্টোবর শুনানির জন্য রাখে। কিন্তু ওইদিন বিচারিক আদালত আমীর খসরুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বিচারিক আদালতের সে আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে জামিন আবেদন করেছিলেন বিএনপির এ নেতা।
নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত ৪ অগাস্ট চট্রগ্রামের কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পরদিন ঢাকাতেও মামলা হয় তার বিরুদ্ধে।
৪ অগাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়।
