২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য অনশনে বিএনপি

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশনে বসেছে বিএনপির নেতা-কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 11:44 AM

Updated : 11 Oct 2022, 12:44 PM

দলটির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রতীকী অনশন চলবে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অঙ্গসংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

নাট্যমঞ্চ প্রাঙ্গণে মাদুর বিছিয়ে অনশনে বসা নেতা-কর্মীদের হাতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড।

একই দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করে বিএনপি নেতা-কর্মীরা।

মঙ্গলবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে হাই কোর্টে।

তার আগের দিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

আর এ মাসেই ২১ অগাস্ট গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায় আসে।

গত ফ্রেবুয়ারিতে এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের পর থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তাকে বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মেডিকেলে রাখা হয়েছে।

বিএনপির অনশন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর নাট্যমঞ্চের আশ-পাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।