সংলাপ সংবিধানের আলোকেই: নাসিম
বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সংবিধানের আলোকেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)
“তবে একটা কথা মনে রাখতে হবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। সুতরাং সংলাপে গিয়ে সংবিধানের বাইরে আলোচনা করে কোনো লাভ নেই।”
কামাল হোসেনকে উদ্দেশ করে নাসিম বলেন, “বঙ্গবন্ধু আপনাকে কামাল হোসেন বানিয়েছিলেন। বিনা ভোটে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। আর সেই আপনি আজ খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। আপনার জন্য সত্যি লজ্জা হয়।”
ব্যারিস্টার মইনুল হোসেন সম্পর্কে নাসিম বলেন, “১৫ অগাস্টের পর মইনুল মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ১/১১-এর সময় যে লোকটি মামলায় করেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে।
“শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন। কিন্তু বিএনপির নেত্রী মইনুলের করা মামলায় আজ জেলে। সেই মইনুলকে নিয়েই বিএনপি জোট করেছে। সুতরাং তাদের ভবিষ্যৎ কী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।”
বিএনপিকে উদ্দেশ করে নাসিম বলেন, “এইবার বিএনপি নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না।
“খেলা হবে নির্বাচনের মাঠে। বিশ্বকাপে মেসি গোল মিস করেছে, নেইমার গোল মিস করছে কিন্তু নির্বাচনী খেলায় শেখ হাসিনা গোল মিস করবেন না।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলছেন, ৭ দফা মেনে না নিলে ক্ষমতাসীনদের এমন শাস্তি দিবে যা আওয়ামী লীগ ভাবতেও পারে না।
“আমি বলি, শেখ হাসিনাকে আর কী শাস্তি দিবেন? ১৫ অগাস্ট তো তার পিতাকে সপরিবারে হত্যা করেছেন। ২১ অগাস্ট হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। আর কী করতে চান? শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”
সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা আবৃত্তিশিল্পী আহকাম উল্যাহ।
