মানববন্ধন শেষে শ্রমিক দলের সভাপতি ‘আটক’
খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনসহ অন্তত ২০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলছেন, আনোয়ার হোসেইন ছাড়াও মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আমীর হোসেন মাস্টার, মো. রিপন, মাহবুবুর রহমান দিপু, মোস্তফা সরকার রয়েছেন আটকদের মধ্যে।
আজাদ বলেন, “মানববন্ধন শেষ হওয়ার পরপরই তাদের আটক করা হয়েছে। তাদের রমনা ও শাহবাগ থানায় রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়তি পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। পুলিশের জলকামানের গাড়ি, এপিসি ও প্রিজন ভ্যানও দেখা যায় প্রেস ক্লাবের পূর্ব দিকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উদ্দেশে বলেন, “ এক ঘণ্টার জন্য আপনারা আমাদেরকে মানববন্ধন করার অনুমতি দিয়েছেন। এই সময়ে আমাদের নেতা-কর্মীদের দয়া করে গ্রেপ্তার করবেন না।”
বেলা ১২ টা বাজার ৬ মিনিট আগেই মির্জা ফখরুল তার বক্তব্য শেষ করে নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে চলে যেতে বলেন।
কিন্তু মানববন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশের সদস্যরা আনোয়ার হোসেইনসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বলে বিএনপি নেতাদের দাবি।
