হচ্ছে টা কী আমাকে বোঝাও: আইনমন্ত্রীকে কামাল
সহকর্মী আইনজীবী মইনুল হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হকের কৈফিয়ত চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন।
তিনি বলেছেন, “আইনমন্ত্রী আমাকে তুমি বোঝাও, হচ্ছেটা কী দেশে? আমি তোমার কাছে সময় চাই। তথাকথিত একটা পার্লামেন্ট না কি আছে! আরও দুই দিন সে পার্লামেন্ট আছে। সেখানে দাঁড়িয়ে তুমি কৈফিয়ত দাও। পার্লামেন্টের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেখানে বল, যাতে মানুষ জানতে পারে।”
কামাল হোসেন ও মইনুল হোসেনের মতো আইনমন্ত্রী আনিসুল হকও সুপ্রিম কোর্টের আইনজীবী। আনিসুল হকের বাবা সিরাজুল হকও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।
আনিসুল হককে উদ্দেশ করে কামাল বলেন, “অন্য কিছু না জানলেও তুমি তোমার বাবার সঙ্গে ক্রিমিনাল প্র্যাকটিস তো করেছ। জামিনযোগ্য অপরাধ কী, তুমি জান। যার চাকরি কর, তাকে বোঝাও যে, জামিনযোগ্য অপরাধ এটা। মন্ত্রী হলে কি সব ভুলে যেতে হয়? ন্যূনতম যেটা জানার কথা সেটাও ভুলে যেতে হয়!
“তোমার কাছে আমি উত্তর চাই। তুমি আমাদের একজন জুনিয়র লইয়ার। তোমার বাবা আমার সহকর্মী ছিলেন, সিরাজুল হক বাচ্চু ভাই। তুমি আইন সব ভুলে গেছ? এসো তোমার সাথে আমরা আইনের বই দেখব।”
গণফোরাম সভাপতি কামাল হোসেন সম্প্রতি বিএনপিকে নিয়ে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছেন, তাতে সক্রিয় ছিলেন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় মানহানির এক মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল।
বৃহস্পতিবার নবগঠিত ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’র আলোচনা সভায় মইনুলকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রীর কৈফিয়ত চান কামাল।
আইনমন্ত্রী আনিসুল হক, ফাইল ছবি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সভার শুরুতেই তিনি বলেন, “বক্তব্য দেওয়ার আগেই আমি তীব্র নিন্দা জানাই ব্যারিস্টার মইনুল হোসেনকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য। তিনি এখান থেকে বেইল নিয়ে গেছেন। আমি অবাক হয়েছি! তাকে সন্ধ্যায় নেওয়া হয়েছে, পরে তাকে অন্তরীণ করা হয়েছে।
“ঢাকায় এসে দেখি সে এখনও মুক্ত হয়নি। এটা কী শুরু করেছে! একটা সভ্য দেশকে সুন্দরবন বানাতে চাচ্ছে নাকি! না, সুন্দরবনকেও অপমান করা হয়। এটা জঙ্গল বানানো হচ্ছে।”
একাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে বলে দাবি করেন কামাল।
“মাথা খারাপ হয়ে গেছে এদের। আমি মনে করি, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সংবিধানের আছে, দেশ শাসন করার সময় যাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের দ্রুত পরীক্ষা করাতে হয়। আমি বলি বোর্ড গঠন করে সাইকিয়াট্রিক পরীক্ষা করা হোক।”
এনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করেন এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল।
তিনি বলেন, “অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না- সবাই মামলা কর।
“আইনমন্ত্রী তুমি যার চাকরি করছ, তাকে বোঝাও। এভাবে কথা বলা যায় না। তাকে বোঝানোর ক্ষমতা না থাকলে আমরা সাহায্য করব। বই খুলে, চোখে আঙুল দিয়ে তোমাকে দেখাব।”
বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা বলেন, “আমি সিলেটে যা দেখেছি, অবাক কাণ্ড! আমাদের হোটেলের সামনে থেকে আটটা-দশটা করে ছেলে ধরে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কী শুরু হয়েছে বাংলাদেশে?”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় কামাল হোসেন।
আলোচনা সভায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি রয়েছে এই ৭ দফায়।
গত ১৩ অক্টোবর ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠনের পর ২০ অক্টোবর বিএনপি ও ফ্রন্টভুক্ত দলগুলোর সমর্থক আইনজীবীদের নিয়ে গঠিত হয় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। এর আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম এম মাহবুব উদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, সুব্রত চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খানও বক্তব্য রাখেন।
