দলের নয়, জনগণের ঐক্য চাই: কামাল
সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে ৫ দফা দিয়েছেন, তা আদায়ে রাজনৈতিক দলের জোট নয়, জনগণের ঐক্যকেই গুরুত্ব দিচ্ছেন কামাল হোসেন।
৫ দফা নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে জোট বাঁধার পর বিএনপিও আগ্রহী হয়ে ওঠার মধ্যে বুধবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক সমাবেশে নিজের এই অবস্থান প্রকাশ করেন তিনি।
গণফোরাম সভাপতি কামাল বলেন, “দলের ঐক্য হলে দর কষাকষি হবে, আমরা সেটা চাচ্ছি না। আমরা জনগণের ঐক্যের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
বিএনপির নির্দলীয় সরকারের দাবি না মানতে আওয়ামী লীগের অনমনীয় অবস্থানের মধ্যে কামাল ও বি চৌধুরী জোট বেঁধে একাদশ সংসদ নির্বাচন নিয়ে একই ধরনের ৫ দফা প্রস্তাব দিয়েছেন।
বিএনপি নেতারা কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দেওয়ার পর মঙ্গলবার বি চৌধুরীর বাড়িতে এক বৈঠকেও যোগ দেন। তবে বৈঠকে বি চৌধুরীর দল বিকল্প ধারার পক্ষ থেকে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার শর্ত হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে আসতে বলা হয়।
তার একদিন বাদেই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় আসেন কামাল।
“যারা অনৈক্য চায় তাদের মেলা কালো টাকা আছে, তাদের কনট্রোলে মাস্তান আছে এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে মাস্তানরা আছে।”
জনগণ দেশের আসল মালিক হলেও কালো টাকাকে কাজে লাগিয়ে ক্ষমতা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কামাল।
এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “আমি আজকে আনন্দ বোধ করছি যে, এতগুলো মাইক (টিভি) এখানে আছে। আমি কোনো কালো টাকার মালিক না।”
বি চৌধুরী ও কামালের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপি নেতাদের যোগ দেওয়ার ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছিলেন, “কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত, কেউ খুনি। সব আজকে এক জায়গায়।”
প্রধানমন্ত্রীকে ২০১৪ সালের নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে কামাল বলেন, “যারা নিজেরা বলেছেন, অবস্থাকে মোকাবেলা করা এবং সংবিধানে নিয়ম রক্ষার জন্য এই নির্বাচন, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে খুব দ্রুতই অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া হবে।
“বলেছিলেন কি না? আমরা তো স্মরণ করতে পারি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগে ৩০/৪০ জন্য অধ্যাপক নিয়োগের খবরে ক্ষোভ প্রকাশ করে কামাল বলেন, “অ্যাবসার্ড, পাগলামী। কে করছে এগুলো? পাগল-ছাগলে দেশ চালাচ্ছে?”
দলীয়করণকে রাষ্ট্রের ‘এক নম্বর রোগ’ অভিহিত করে তিনি বলেন, “এটা কি হওয়ার কথা ছিল স্বাধীনতার এত বছর পর?”
কামালের সভাপতিত্বে ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় এই আলোচনায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন, জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক সি আর আবরার, সাংবাদিক মাহফুজউল্লাহ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর, ব্যবসায়ী নেতা মশিউর রহমান বাবু, এম এ হানিফ শরীফ উপস্থিত ছিলেন।
জেএসডি নেতা আ স ম আবদুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, এটিএম গোলাম মওলা চৌধুরী, নুরুল হুদা নিলু চৌধুরী, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খানও এই সমাবেশে যোগ দেন।
‘ভোট চুরি করে অন্যকে চোর বলে’
জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার জবাবে মইনুল হোসেন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
“আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ভোট চুরি করে ক্ষমতা দখল করে, তাদের অধীনে কি সুষ্ঠু নির্বাচন হতে পারে?”
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে গণতন্ত্র হত্যার পরিকল্পনার অংশ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, জনগণকে কথা বলতে দিন।
“ক্ষমতাচ্যুত হলে অশান্তি, রক্তপাত এবং আপনাদের রক্ষা করতে জাতীয় ঐক্য প্রক্রিয়া করা হয়েছে।”
জেএসডি নেতা রব বলেন, “রাষ্ট্রীয় ব্যবস্থার গুণগত পরিবর্তন আনতে এবং জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে সব শ্রেণি-পেশার মানুষকে ড. কামাল হোসেন মতো মহিরুহের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় অংশ নিতে আমি আহবান জানাচ্ছি।”
দেশের ‘ক্রান্তিকালে’ ‘অভিভাবক’ হিসাবে এগিয়ে আসায় কামাল হোসেনকে অভিনন্দন জানান মিন্টু।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, “দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমার বিশ্বাস জনগণেরই জয় হবে। আওয়ামী লীগ যারা করেন তাদের বলব, জনগণের অধিকার আদায়ের জন্য আপনারাও আসেন।”
ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর বলেন, “জাতীয় ঐক্য হচ্ছে জনগণের মনের হৃদয়ের প্রতিধ্বনি। বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।”
নিজের পুরনো দল আওয়ামী লীগ নেতাদের চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, “ঢাকার ১২টি আসনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা না হলে আমি আর রাজনীতি করব না।”
