২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল বোর্ডের প্রতিবেদন সরকারের ইচ্ছা অনুযায়ী: বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বিএনপিপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা করে যে প্রতিবেদন দিয়েছে তাতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 04:36 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন, “দেশনেত্রীর অসুস্থতা নিয়ে মেডিকেল বোর্ডের বক্তব্য স্ববিরোধী ও সরকারের চিন্তার প্রতিফলন। এটা একদেশদর্শী ও সার্বজনীন চিকিৎসানীতির পরিপন্থি।

“বেগম খালেদা জিয়াকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছা অনুযায়ী মেডিকেল বোর্ড প্রতিবেদন দিয়েছে। আামি দলের পক্ষ থেকে এই একগুঁয়েমি ও প্রতিহিংসা পরায়নতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

কারাবন্দি খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানানোর পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে বিএনপিপ্রধানকে দেখে আসে।

পরদিন মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন দেওয়ার পর বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় নতুন করে ‘গুরুতর কিছু’ পাওয়া যায়নি। তারপরও হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে সেক্ষেত্রে বিএসএমএমইউতেই ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

এই মেডিকেল বোর্ড নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপির। দলের নেতাদের দাবি ছিল, খালেদার আগের চিকিৎসকের এই বোর্ডে অন্তর্ভুক্ত করার।

সোমবারের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “সরকারের অনুগত চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ড কারাগারে দেশনেত্রীকে ২০ মিনিটে তথাকথিত পরীক্ষা-নিরীক্ষা করে বিএসএমএমইউতে ভর্তির পরামর্শ দিয়েছেন।

“আমরা বলেছি যে, বিএসএমএমইউতে উন্নতমানের যন্ত্রপাতি নেই, বিশেষায়িত এমআরআই মেশিন নেই, সিটিস্ক্যান করার মত আধুনিক যন্ত্রপাতি নেই। এগুলো বিশেষায়িত হাসপাতালে আছে। এটা বার বার দল ও পরিবারের পক্ষ থেকে, তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এটাতে সরকার কর্ণপাত করেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “উনি কারাগারে ছিলেন.. বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। উনার অধিকার আছে কিন্তু অন্যের অধিকার নেই। বাংলাদেশকে নিজের জমিদারি মনে করার যে প্রবণতা, সেই প্রবণতা আমরা সরকার ও সরকারপ্রধানের প্রতিটি পদক্ষেপের মধ্যে দেখতে পাই।”

অবিলম্বে সরকারের গঠিত মেডিকেল বোর্ডে দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে তাকে বেসরকারি কোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার দাবি আবারও জানান রিজভী।

গত শনিবার  রাতে নয়া পল্টন থেকে নারায়ণগঞ্জ ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সন্ধান দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবদুল লতিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

খালেদাকে পরীক্ষায় ‘গুরুতর নতুন কিছু’ পায়নি মেডিকেল বোর্ড
খালেদার মেডিকেল বোর্ড নিয়ে বিএনপির সংশয়