গ্যাটকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ১৮ অক্টোবর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ অক্টোবর নতুন তারিখ রেখেছে আদালত।
বৃহস্পতিবার শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা না হওয়ায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার আহমেদ এই আদেশ দেন।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায় হওয়ার পর গত সাত মাস ধরে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
অসুস্থতার কারণে বৃহস্পতিবার তাকে গ্যাটকো মামলায় আদালতে হাজির করা যায়নি জানিয়ে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করে।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে কারাগারে আনতে হাজিরা পরোয়ানা জারির আবেদন করেন।
শুনানি শেষে বিচারক পরোয়ানা জারির আবেদন নাকচ করে আগামী ১৮ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ রাখেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন।
চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে সেখানে আসামি করা হয়।।
ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
খালেদা জিয়ার রিট আবেদনে প্রায় আট বছর এ মামলার কার্যক্রম আটকে থাকে। হাই কোর্ট ২০১৫ সালে সেই স্থগিতাদেশ তুলে নিলে এবং আপিল বিভাগে তা বহাল থাকলে নিম্ন আদালতে আবার মামলার কার্যক্রম শুরুর পথ তৈরি হয়।
মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, কার্নেল আকবর হোসেন, আব্দুল মান্নান ভূঁইয়া এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীও এই মামলার একজন আসামি ছিলেন।
মামলার বাকি আসামিরা হলেন- সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, এমকে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, কর্নেল আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
