২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গ্যাটকো মামলার শুনানি ফের পিছিয়ে ৬ সেপ্টেম্বর

‘অসুস্থতাজনিত’ কারণে খালেদা জিয়াকে হাজির না করায় গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির সময় পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 12:42 AM

Updated : 11 Oct 2022, 12:31 PM

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার আহমেদ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

এদিন শুনানির নির্ধারিত দিন থাকলেও খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রয়াত নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের স্থগিতাদেশ খারিজ করেছে উচ্চ আদালত। তবে তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি নিতে পারছে না নিম্ন আদালত।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন।

এ মামলার নথিপত্র সূত্রে জানা যায়, সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে মামলার এজাহারে আসামি করা হয়।।

ওই বছরেরই ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী নয় জন প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।

Image
খালেদা জিয়া, ফাইল ছবি

খালেদা জিয়া, ফাইল ছবি

এদিকে জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনের কারণে রুল ও স্থগিতাদেশ দেওয়ায় প্রায় আট বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

মামলাটির বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর হাই কোর্টে আলাদা দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো। দুদক আইনে গ্যাটকো মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে  ২০০৮ সালে আরেকটি রিট আবেদন করেন খালেদা জিয়া।

২০১৫ সালের ৫ অগাস্ট খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে আদেশের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার দুই মাসের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাই কোর্ট বেঞ্চ।

পরের বছর ১৫ ফেব্রুয়ারি হাই কোর্টের পূর্নাঙ্গ রায় প্রকাশ হলে ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিএনপি নেত্রী।

এরপর ১০ মে করা আদালতের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলও ২০১৭ সালে খারিজ করে দেয় আপিল বিভাগ।

এর ফলে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে কার্যক্রম চালাতে আইনি বাধা কাটিয়ে ওঠে মামলাটি। 

মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, কর্ণেল আকবর হোসেন, আব্দুল মান্নান ভূঁইয়া এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কুখ্যাত আল-বদর বাহিনীর প্রধান,  প্রাক্তন মন্ত্রী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা মতিউর রহমান নিজামীও এই মামলার একজন আসামি।

অভিযুক্তদের মধ্যে এই চার জন মারা যাওয়ায় এখন আসামির সংখ্যা ২০ জন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, এমকে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, কর্নেল আকবর হোসেনর স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, প্রাক্তন নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

আরও খবর

গ্যাটকো মামলা: অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে ৪ মার্চ  

লিভ টু আপিল খারিজ, খালেদার গ্যাটকো মামলা চলবে

গ্যাটকো মামলা: খালেদার দুই আবেদনে রায় যে কোনো দিন  

গ্যাটকো মামলায় ‘দুই মাসের মধ্যে’ আদালতে যেতে হচ্ছে খালেদাকে

গ্যাটকো দুর্নীতি: খালেদাকে ১৩ এপ্রিল হাজিরের নির্দেশ