গ্যাটকো মামলা: খালেদার দুই আবেদনে রায় যে কোনো দিন
জরুরি অবস্থার সময় দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের বিষয়ে হাই কোর্টের রায় হবে যে কোনো দিন।
এ বিষয়ে সাত বছর আগে খালেদার করা দুটি রিট আবেদনে হাই কোর্টের দেওয়া রুলের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের বেঞ্চ আবেদনটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।
এ ছাড়া বড়পুকরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের রুলের ওপর শুনানির জন্য ২৪ জুন দিন রেখেছে একই বেঞ্চ।
গ্যাটকো মামলায় আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “গ্যাটকো মামলা নিয়ে খালেদা জিয়ার করা দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আদালত সিএভি রেখেছে। এখন যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।”
খালেদার আইনজীবীরা শুনানিতে বলেন, গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাত বা দুর্নীতির ‘সুনির্দিষ্ট’ অভিযোগ নেই। শুধু প্রধানমন্ত্রী হিসেবে কোনো দরপত্র অনুমোদনের জন্য প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা ‘চলতে পারে না’।
রাগীব রউফ চৌধুরী বলেন, “খালেদা জিয়া ওই চুক্তি থেকে কোনোভাবে লাভবান হয়েছেন এমন অভিযোগও মামলায় নেই। এক্ষেত্রে তিনি রুলস অব বিজনেস বা রুলস অব প্রসিডিউর ভাঙেননি।”
দুদকের আইনজীবী শুনানিতে বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের উপাদান রয়েছে।ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অনুমোদনের কথা বলে পার পাওয়া যায় না।”
তিনি বলেন, “ফৌজদারি মামলা নিয়ে এই রিট আবেদন চলতে পারে না।কারণ অপরাধ সংগঠিত হয়েছে কিনা, তা ঘটনাগত বির্তকের বিষয়, এ নিয়ে রিট চলে না। আবেদনকারী (খালেদা জিয়া) দোষী না নির্দোষ তা বিচারিক আদালতের দেখার বিষয়।”
অন্যদিকে খালেদার আইনজীবীরা যুক্তি দেন, যদি কোনো কারণে সংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন হয়, বা কোনো সিদ্ধান্ত অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয় বা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি বলে দেখা যায়, এ ধরনের বিশেষ ক্ষেত্রে রিটের মাধ্যমে ফৌজদারি মামলা খারিজযোগ্য।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে নাইকোসহ তিনটি মামলা হয়। আদালতের স্থগিতাদেশে আটকে যাওয়ার দীর্ঘদিন পর সম্প্রতি মামলাগুলো সচল করার উদ্যোগ নেয় দুদক।
এর মধ্যে নাইকো মামলার বৈধতা নিয়ে খালেদার রিটে দেওয়ার রুলের ওপর ১৯ এপ্রিল থেকে ২৮ মে শুনানি চলে। বৃহস্পতিবার এ বিষয়ে রায় দেবে হাই কোর্ট।
গ্যাটকো দুর্নীতি মামলা
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় এ মামলা দায়ের করেন।
ওই মামলা হওয়ার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর হাই কোর্টে আলাদা দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো।
এর তিন দিন পর ওই খালেদা ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেয় হাই কোর্ট। মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করা কেন ‘বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। তবে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ পরে আপিল বিভাগে বাতিল হয়ে যায়।
দুদক আইনে গ্যাটকো মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে আরেকটি রিট আবেদন করেন খালেদা জিয়া। তার আবেদনে হাই কোর্ট আবারও মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।
দীর্ঘদিন আটকে থাকার পর দুদক মামলাটি সচল করার উদ্যোগ নেয়। গত ১৯ এপ্রিল শুরু হয় রুলের শুনানি।
বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মতিউর রহমান নিজামীও এ মামলার আসামি।
খনি দুর্নীতি মামলা
বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদার পাশাপাশি তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।
চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাই কোর্ট এর কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়।
হাই কোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আটকে যায় বিচার। সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।
