২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি: খালেদাকে ১৩ এপ্রিল হাজিরের নির্দেশ

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৩ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছে ঢাকার জজ আদালত।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 12:35 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার মঙ্গলবার এই আদেশ দেন। খালেদার সঙ্গে মামলার বাকি ১২ আসামিকেও ওইদিন হাজির হতে হবে।        

জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলাটি অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে গতবছর ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।

মামলার স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

গত ১৫ ফেব্রুয়ারি হাই কোর্টের  ওই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে দুই মাসের মধ্যে খালেদার নিম্ন আদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা তৈরি হয়।

অবশ্য রায়ের অনুলিপি পেলে আপিল বিভাগে যাবেন বলে আগেই জানিয়ে রেখেছেন বিএনপি চেয়ারপারসনের প্রধান কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

এই মামলা হওয়ার পরদিনই খালেদা ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

খালেদার চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মতিউর রহমান নিজামীও এ মামলার আসামি।