দুই সপ্তাহে গ্রেপ্তার দেড় হাজার: বিএনপি
গত দুই সপ্তাহে বিরোধী দলের দেড় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন ‘অত্যাচারী রাষ্ট্রে’ পরিণত হয়েছে।
তিনি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশকে একটি অত্যাচারী রাষ্ট্রে পরিণত করেছেন। নিষ্ঠুর বল প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিবাদ দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে এখন ব্যবহার করা হচ্ছে।”
রিজভী বলেন, “ঈদের কয়েক দিন আগ থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে সারাদেশে গ্রেপ্তার হয়েছে দেড় সহস্রাধিক, মামলা হয়েছে ১২ শতাধিক। নাম উল্লেখ করে আসামির সংখ্যা ১১ হাজার এবং অজ্ঞাতনামা আসামি প্রায় ৮০ হাজার।”
সরকারের উদ্দেশে বিএনপি নেতা বলেন, “আন্দোলন তো শুরু হয়নি। তাহলে কেন এত ব্যক্তির নামে মামলা ও এত নেতা-কর্মীকে গ্রেপ্তার করছেন?”
‘জনসমর্থনহীন সরকার’ আতঙ্ক থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, “এভাবে টিকে থাকা যাবে না। এক বিরাট চোরাবালির মধ্যে তারা ক্রমাগতভাবে ডুবে যাচ্ছে। তাদের যদি বোধোদয় না হয়, এই চোরবালির মধ্যে তারা ডুবে যাবে।”
খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, “গতকাল পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসিয়ে বিচারের ঘটনা বেগম খালেদা জিয়ার উপর সরকারের বেআইনি হিংস্র আচরণ। এর জবাব ক্ষমতাসীনদের জনগণের কাছে দিতেই হবে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, তকদির হোসেন জসিম, মাসুদ অরুন, শামসুজ্জামান সুরুজ উপস্থিত ছিলেন।
