২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসনের পথে বড় বাধা বিএনপি-জামায়াত: ইনু

বিএনপি-জামায়াত জোটকে সুশাসনের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে তাদের রাজনীতি থেকে চিরতরে বাদ দেওয়ার’ দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 11:48 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

শুক্রবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় পর্ষদের সভায় সভাপতির প্রারম্ভিক বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ইনু বলেন, “দেশে শান্তির জন্য জঙ্গিবাদ দমন, উন্নয়নের জন্য বৈষম্যমুক্তি আর সুশাসনের জন্য দুর্নীতি-দলবাজি দমন করতে হবে। আর এই পথে সবচেয়ে বড় বাধা বিএনপি-জামায়াত চক্র।

“১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তারা ছিল অপরাজনীতির ধারক।”

খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামাত জোটকে রাজাকার-জঙ্গি ও তাদের লালনকারী’ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ইনু বলেছন, “অপরাজনীতির ধারার চিরতরে ছেদ ঘটাতে তাদের রাজনীতি থেকে চিরতরে বাদ দিতে হবে।”

২০১৮ সালের নির্বাচনের পর দেশকে শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হলে, বিএনপি-জামাত জোটকে ক্ষমতায় আসতে দিতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনেই এ সিদ্ধান্ত নিতে শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্যও বজায় রাখতে হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বতীকালীন সরকার ও পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির আলোচনার কথাও উঠেছে।

সেই প্রসঙ্গে ইনু বলেন, “নির্বাচন-গণতন্ত্রের নামে কোনো দর কষাকষি নয়।”

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি,  কার্যকরী সভাপতি রবিউল আলম, মীর হোসাইন আখতা, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, ফজলুর রহমান বাবুলসহ দলীয় শীর্ষ নেতাদের পাশাপাশি জেলা কমিটির প্রতিনিধিরা দিনব্যাপী সভায় আলোচনায় অংশ নেন।