৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘অনাড়ম্বর’ বিএনপি
দুর্নীতির মামলায় সাজা নিয়ে চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় শনিবার অনাড়ম্বরভাবে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে গত মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে যে দুইদিনের কর্মসূচি ঘোষণা হয়, সেখানে দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাই মূল আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, পরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন আর দুপুরে জনসভার কর্মসূচি রয়েছে।
নয়াপল্টনে জনসভা করতে ঢাকা মহনগর পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরদিন রোববার বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রাখা হয়েছে আলোচনা সভা।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে।
কারাগারে চেয়ারপারসন খালেদা জিয়া; তাই এবার আড়ম্বর থাকছে না দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে (ফাইল ছবি)
দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় তারা এবার অনাড়ম্বরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। ঢাকায় জনসভার মাধ্যমে তারা নেত্রীর মুক্তি আন্দোলনের বিষয়ে জনমত গড়ে তুলবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় অনেক বাধা-বিপত্তির মধ্যেও বিএনপি এখন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দল।
“বিভিন্ন সময়ে এই দলকে নিশ্চহ্ন করতে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু ফিনিক্স পাখির মতো বিএনপি আবার সজীব হয়ে উঠেছে মানুষের ব্যাপক সমর্থন নিয়ে।”
মির্জা ফখরুলে মতে গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অঙ্গীকারের কারণে বর্তমান সরকার ফ্যাসিস্ট ভূমিকায় বিএনপিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত ও নীল নকশার ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশনেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা এই কারণেই।
“কিন্তু কোনো প্রতিবন্ধকতাই গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন থেকে বিএনপিকে রুখতে পারবে না”
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসনাতের মতে জিয়াউর রহমানের সততা ও গণতান্ত্রিক চিন্তাভাবনা কারণে বিএনপি জনগণের কাছে বেশি সমর্থন লাভ করতে সক্ষম হয়েছে।
“১৯ দফা কর্মসূচি ছিল এ ক্ষেত্রে একটা মাইলফলক, যা জিয়াউর রহমানকে সামনের দিকে নিয়ে গেছে বলে আমি মনে করি।”
১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিকালে রমনা গ্রিনের সবুজ চত্বরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) বিলুপ্ত করে বিএনপির যাত্রা শুরু হয়। এই দলের সঙ্গে যুক্ত হয় মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ মণ্ডলের বাংলাদেশ তফসিলি ফেডারেশন।
বিএনপি গঠনের আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে এই ছয় দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়, যার ব্যানারে প্রার্থী হয়ে নির্বাচনের মাধ্যমে জিয়া রাষ্ট্রপতি হন।
দলটির ৪০ বছরের ইতিহাসে ৩৫ বছরই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া।
চার বার ক্ষমতায় ও দুই বার বিরোধীদলে থাকা এই দলটিকে বিভিন্ন সময় নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর থেকে বিএনপি সংসদেও নেই।
২০১৬ সালের ১৯ মার্চে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সাড়ে চার মাস পর গত ৬ অগাস্ট ঘোষণা করা হয়েছে ১৯ সদস্যের নতুন স্থায়ী কমিটি (১৭ জনের নাম ঘোষণা),৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল এবং ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি।
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশ বছর ধরে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
