সিলেটের আ. লীগ নেতাদের হুঁশিয়ারি কাদেরের
সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের জন্য সিলেটের আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের রেজিস্টার্ড মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।
কাদের বলেন, “সিলেটে অনেক হয়েছে, কারা কী করেছেন, সিদ্ধান্ত নিয়ে কী করেছেন, নৌকাকে ঠেকানোর জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, এই আত্মবিনাসী প্রতিযোগিতা যারা করেছেন তারা কিন্তু রেহাই পাবেন না, কঠিন শাস্তি হবে।”
সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানও সভায় বক্তব্য রাখেন।
কামরান বলেন, “মাফ করে দিবেন, আমি বিজয় এনে দিতে পারিনি। আমি বলেছিলাম ঐক্যবদ্ধ থাকুন, জয় এনে দেব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি পাস করতে পারিনি।
“আমি আর মনোনয়ন চাই না। তবু আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এগিয়ে আসুন।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এ কে এম এনামুল হক চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, মিজবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আসাদ সভায় বক্তব্য রাখেন।
