২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুকে ‘জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী’ বানান: নজরুল

‘জিয়া পরিবার সমালোচনা বিষয়ক’ নতুন মন্ত্রণালয় সৃষ্টি করে তার দায়িত্ব হাসানুল হক ইনুকে দিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 11:00 PM

Updated : 19 Aug 2022, 02:28 PM

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে আক্রমণ করে জাসদ সভাপতি ইনুর ধারাবাহিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে

তাকে কটাক্ষ করে বৃহস্পতিবার এক আলোচনা সভায় এই পরামর্শ দেন নজরুল।

তিনি বলেন, “আমাদের মাননীয় তথ্যমন্ত্রী সাহেব। উনাকে এখন … আমাদের সংবিধানে এটি  নাই, কিন্তু চাইলে সরকার হয়ত বানায়ে দিতে পারে আর কী।

“আসলে তিনি (ইনু) যে কাজটা করেন, তাতে তাকে বলা উচিৎ যে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী।  এই মন্ত্রিসভায় নাই। যার জন্য তথ্যমন্ত্রী রেখে তাকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে।”

বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করার যে বক্তব্য ইনু দেন, তা দিকে ইঙ্গিত করে নজরুল বলেন, “কী গণতান্ত্রিক ভাষা, বোঝেন। মন্ত্রীদের এ ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী ভাষার কারণে আজকে পত্রিকায় দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে, এস কে সিনহাকে পাইলে দুইটা চড় মারব।

“একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতখানি বিদ্বান, সংস্কৃতিবান, কতখানি উচ্চ মানের মানুষ হলে একজন সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন!”

বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের কথার জবাবে নজরুল বলেন, “কানাডার বেগমপাড়ায় কারা বাড়ি করেছেন? কারা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন, সেসব তালিকা প্রকাশ হয় না কেন?

“তারা যে সেখানে এসব করেছেন তারা সেই অর্থ  নিয়মিত পথে পাঠাইছে না, সেখানে কোনো মানি লন্ডারিংয়ের ব্যাপার আছে। যদি অর্থ পাচারের বিষয় থাকে, তাহলে কেন তাদের বিচার হয় না।”

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মদের আহ্বান জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার উদ্যোগে জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের পরিচালনায় আলোচনা সভায়  এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা নওয়াব আলী আব্বাস, জাগপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কেন্দ্রীয় নেতা মাস্টার এম এ মান্নান, নাসিরউদ্দিন, আরিফুল হক তুহিন বক্তব্য রাখেন।

ছাত্রী তুলে নেওয়ার ঘটনা ‘বিপজ্জনক’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়া বা গ্রেপ্তারের ঘটনাকে ‘বিপজ্জনক’ বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গোয়েন্দা পুলিশ একটার পর একটা ছাত্রী আটকের লোমহর্ষক ঘটনার জন্ম দিচ্ছে। কিশোরীদের তুলে যাওয়ার ঘটনা বিপদজ্জনক। এই সকল ঘটনায় জাতির সম্ভ্রম ধুলায় লুটিয়ে গেলেও সরকারের চণ্ডমূর্তির কোনো পরিবর্তন হয়নি।

“ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের গ্রেপ্তার করে সভ্যতার শেষ রশ্মিটুকু নিভিয়ে দিলো সরকার। শেখ হাসিনা বিশ্বের সকল ফ্যাসিস্ট ও নাৎসী নেতাদের ওভারটেক করে গেছে।”

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ সিদ্দিকী, এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।