২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রমাণ ছাড়া অপবাদ দেবেন না: কাদের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার জন্য প্রমাণ ছাড়া আওয়ামী লীগের কাউকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 01:05 AM

Updated : 19 Aug 2022, 02:27 PM

তিনি বলেছেন, “প্লিজ তথ্য-প্রমাণ ছাড়া অপবাদ দিবেন না। আমাদের পার্টি কোনো অন্যায়কারীকে ক্ষমা করে না। আমি অনুরোধ করবো, প্লিজ ঢালাওভাবে অপবাদ দিবেন না।”

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বুধবার ঢাকায় ছাত্রলীগের এক অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, “আমাদের অনেকের উপর আক্রমণ হল, কিন্তু কোনো মিডিয়ায় দেখলাম না। উল্টো অপপ্রচার হল, আমরাই আক্রমণকারী। সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রলীগ আক্রমণ করেছে এমন খবর ছাপা হয়েছে।

“আমি তো বলেছি, সাংবাদিকের উপর ছাত্রলীগ আক্রমণ করেছে, এমন তথ্য-প্রমাণ পেলে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নিব।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “যদি কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্টভাবে নাম-ডাক দিয়ে প্রকাশ করুন। আমরা ব্যবস্থা নেব।”

বিএনপি  শিক্ষার্থীদের আন্দোলনকে ‘রাজনৈতিক সন্ত্রাসে’ রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন কাদের।

“তাই তারা বিদেশিদের কাছে অপপ্রচার করছে, নালিশ করছে। এর জন্য সারা দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “জাতিসংঘের কাছে ছাত্রলীগের নামে নালিশ, যুক্তরাষ্ট্রের কাছে ছাত্রলীগের বিরুদ্ধে নালিশ, কানাডার কাছে ছাত্রলীগের বিরুদ্ধে নালিশ।

“অথচ এই কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল বলে রায় দিয়েছে।”

আন্তর্জাতিক অঙ্গনকে ‘সত্য অনুসন্ধানের’ আহ্বান জানিয়ে মন্ত্রী কাদের বলেন, “আমরা জাতিসংঘকে জানিয়ে দিয়েছি, যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি, কানাডাকে জানিয়ে দিয়েছি, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দিয়েছি অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

“সত্য অনুসন্ধান করুন। সত্য উদঘাটন করুন। অহেতুক অনাবশ্যক আমাদের উপর অপবাদ চাপাবেন না।”