গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দাবি বাম গণতান্ত্রিক জোটের
নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আন্দোলন করতে এসে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার জোটের এক বিবৃতিতে এই দাবি জানানোর পাশাপাশি সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, “ছাত্রদের উপর জুলুম, গ্রেপ্তার বুমেরাং হয়ে ফিরে আসবে।”
আন্দোলনের মধ্যে ভাংচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ দুই ডজনের বেশি মামলা করেছে, এসব মামলায় বিভিন্ন শিক্ষার্থীকে গ্রেপ্তারও করেছে।
আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগে যদি কোনো ছাত্র-ছাত্রীকে শাস্তি দেওয়া হয়, তবে সেটা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা।
বিবৃতিদাতারা হলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
