নিহত দিয়ার বাসায় ফখরুল
ঢাকায় বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা জানিয়ে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিয়াসহ দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই আন্দোলনে সমর্থনও জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মহাখালীতে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকিরের বাসায় যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ, বনানী থানার সভাপতি আবুল কালাম আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তারা দিয়ার বাবা-মাসহ ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
ফখরুল দিয়ার পরিবারের সদস্যদের বলেন, তার দল সবসময়ে তাদের পাশে থাকবে।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই ঘটনাটি জেনে উদ্বেগ প্রকাশ করেছেন।
“তিনি জেল থেকে খোঁজ-খবর নিচ্ছেন। তিনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শোকাভিভূত পরিবারের খোঁজ-খবর নিতে আমাদেরকে বলেছেন।”
