আগে আন্দোলন, মূল্যায়ন পরে: আমীর খসরু
পদ-পদবির চিন্তা বাদ দিয়ে আন্দোলনের জন্য নেতা-কর্মীদের একতাবদ্ধ হতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, মুক্ত হওয়ার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। একজন বলেছেন পদ-পদবির কথা। এসবের কথা বলার এখন সময় না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, পদ-পদবি নিয়ে এখন আপনারা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।
“আমরা যদি মুক্ত হতে না পারি আপনার পদ-পদবির কোনো মূল্য নেই। আমি বলব, মূল্যায়নের কথাটা ভুলে যান। শেখ হাসিনা সরকারকে বিদায় করা পর্যন্ত মূল্যায়নের কথাটা ভুলে যাবেন।”
ত্যাগী অনেক নেতার মূল্যায়ন হয়নি স্বীকার করে আমীর খসরু বলেন, “তার অর্থ যদি এটা হয়, আমার মূল্যায়ন না হওয়ার কারণে আমি পিছে হটে যাব, আর আজকে একটি স্বৈরাচার সরকার, অত্যাচারী সরকার তার স্টিমরোলার চালিয়ে যাবে, আর আমি বসে বসে পর্যবেক্ষণ করব, এটা হয় না।”
কোটা সংস্কার আন্দোলনের নেতা আরিফুল ইসলামের লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাকে হত্যা করা হয়েছে। সে কোনো রাজনীতি করত না।”
ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছা্ত্র-যুব ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি এবং মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হকের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সমন্বয়ক ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য রাখেন।
