২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের তালিকায় সিলেটে ‘গুরুত্বপূর্ণ’ ৮০ কেন্দ্র

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টিকে ‘গুরুত্বপূর্ণ’ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রের তালিকা তৈরি করেছে পুলিশের বিশেষ শাখা।

ওবায়দুর মাসুম

ও মঞ্জুর আহমদ, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 08:55 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

৮০টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হলেও সেসব ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, “শুধুমাত্র ভোটার আধিক্যের কারণে এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

“যেসব কেন্দ্রে ভোটার বেশি সেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছি। ভোটারের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ আর সাধারণ কেন্দ্র হিসেবে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও সেগুলোতে অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হবে না।”

সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনও জানিয়েছেন, এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

“এসব কেন্দ্র দেখা গেছে কোনোটি প্রার্থীর বাড়ির পাশে, কোথাও অবকাঠামো শক্ত না। এসব কারণে এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে।”

তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ বলে দাবি করেন তিনি।

“আমরা এখন পর্যন্ত কোনো সহিংসতার আশঙ্কা করছি না। সিলেটের সার্বিক নির্বাচন পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত পর্যন্ত নিয়ন্ত্রণে আছে।”

তবে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী বলছেন, নির্বাচনী এলাকায় বেশকিছু ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র রয়েছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান জানান, এমন কেন্দ্রের তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন তারা।

“কিছু সেন্টার তো আছেই যেগুলো ঝুঁকিপূর্ণ। আমরা এখনই এসব কেন্দ্রের নাম বলব না। আজকে আলাপ-আলোচনা করে পরবর্তীতে আমরা তা বিভাগীয় কমিশনারের কাছে জমা দিব।”

অন্যদিকে বিএনপিপ্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ইচ্ছেমতো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করেছে, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।

“আমাদের মতে টিলাগড় এলাকাটি সন্ত্রাসপ্রবণ হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের কারণে হত্যাকাণ্ড ঘটে। এজন্য ২০ নম্বর ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে আমরা ইভিএম চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমলে নেয়নি।”

জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মতেও অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

“দলীয় রাজনীতির কারণে অনেক ওয়ার্ডে বিশৃঙ্খলা হতে পারে। আমাদের আশঙ্কার কথা জানিয়ে সেসব কেন্দ্রের তালিকা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছি।”

অর্ধেকের বেশি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করায় প্রশাসনের ব্যর্থতা দেখছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “১৩৪টি কেন্দ্রের মধ্যে যদি ৮০টাকেই ‘গুরুত্বপূর্ণ’ তালিকায় রাখতে হয় সেটা দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। আমরা নিজেরাও দেখেছি খালি চোখে অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমি এজন্য নির্বাচন কমিশনকেই দায়ী করব। নির্বাচন কমিশন প্রথম থেকেই যদি লাগাম ধরে রাখত, দেশে যদি প্রশাসন থাকতে, দেশে যদি আইনের শাসন থাকত; ওনারা যদি দায়িত্ব ঠিকমতো পালন করতেন তাহলে এই অবস্থা হত না।”

গুরুত্বপূর্ণ এসব কেন্দ্রের নাম প্রকাশ করতে চাননি পুলিশ কর্মকর্তারা।