২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেইম গেম খেলতে রাজশাহীতে বোমা সরকারই ফাটিয়েছে: বিএনপি

রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় হাত বোমা বিস্ফোরণের ঘটনা সরকারই ঘটিয়ে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 05:12 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা যে কোনো সভা করার আগে খুব ভয় পাই। কেন ভয় পাই জানেন, ওই যে ব্লেইম গেম। ওরাই পটকা মারবে, পটকা মেরে-টেরে বলবে যে আমরা পটকা মেরেছি। সরকার এইসব খেলা খুব ভালো জানে, তারাই এই খেলা খেলতে অভ্যস্ত। আমরা খুব পরিস্কার করে বলতে চাই, এই ব্লেইম গেমটা করছেন আপনারা আমাদেরকে ব্লেইম করার জন্য।

“একটা সোজা হিসাব- আমরা নির্বাচন করছি তার একটা মিটিংয়ের মধ্যে আমার দলের লোক বোমা মারবে- এটা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। আপনারা আমাদের মন্টু সাহেবকে ধরবেন, অন্যান্যকে ধরবেন এজন্য বোমা মেরেছেন। মেরে গিয়ে ধরেছেন।”

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নির্বাচন যত এগিয়ে আসবে, নানা রকম খেলাও শুরু হবে। এতে কোনো সন্দেহ নাই। তারা যখন নির্বাচনে জনগণের কাছে যেয়ে সাড়া পাচ্ছে না, তখন এই ব্লেইম গেম খেলা শুরু এবং হাতে নাতে ধরা।”

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে একদিন আগে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তিনি দলের প্রার্থী বুলবুলের পথসভায় বিস্ফোরণ ঘটিয়ে ফায়দা তুলতে চেয়েছিলেন।বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে মন্টুর কথিত ফোনালাপের একটি অডিও পাওয়ার কথাও পুলিশ জানায়।

রাজশাহীর দলের দুই নেতার কথিত অডিওকে ‘সাজানো’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপও তৈরি করে দেওয়া যাবে। আপনারা নিজেরা ভালো করে জানেন- ফেইসবুক দেখছেন না- কার কত রকমের কী সমস্ত বেরুচ্ছে কার্টুনে, এর গলা ওর কাছে, এর গলা ওখানে। এটাই তো করেছেন আপনারা। আপনারা করেন না এরকম কাজ তো নেই।”

২০১৩ সালে নয়া পল্টনে দলের সমাবেশে বোমা বিস্ফোরণ, পুলিশের গুলিবর্ষন এবং রাতে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযান চালিয়ে নিজেসহ ১৫৪ জন নেতা-কর্মী গ্রেপ্তারের ঘটনা সরকারের ‘সাজানো খেলা’ ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ২০ দলীয় জোটের অন্যতম  শরিক ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) উদ্যোগে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।

কোটা আন্দোলনকারীদের ওপর সরকারের দমননীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “কোটা আন্দোলন বন্ধ করার নামে এখন প্রধানমন্ত্রী ও অন্যান্যরা বলতে শুরু করেছেন যে, আসলে তারা স্বাধীনতাবিরোধী শক্তি। ওই একটা আছে টোটকা, ওইটা দিয়ে আর কাজ হবে না। স্বাধীনতার ৪৭ বছর পরেও ওইসব টোটকা ওষুধ বিক্রি হবে না, বেশিরভাগ জনগণ খাবে না।

“এদেশের ৭ কোটি মানুষের বেশিরভাগ স্বাধীনতার মানুষ যুদ্ধ করেছেন। তখনও একরকম আপনারা ওইসব কথা বলেছিলেন।”

সংগঠনের সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য অহিদুর রহমানে পরিচালনায় আলোচনা সভায় বিএনপির নিতাই রায় চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি(কাজী জাফর)  আহসান হাবিব লিংকন, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির একাংশের হামদুল্লাহ আল মেহেদি, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, নজরুল ইসলাম, হারুন-অর রশীদ, ফরিদউদ্দিন বক্তব্য রাখেন।