২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মেনন

পিছলে পড়ে হাড় ভেঙে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2018, 05:55 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডের বাসায় ফেরেন মন্ত্রী। হাসপাতাল ছাড়ার সময় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রায় ১৮ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ির উদ্দ্যেশ্যে বের হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

“‘একই সাথে আমি অসুস্থ থাকাকালে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিনিধি পাঠিয়ে যেভাবে আমার শারীরিক খোঁজ-খবর নিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, তাদের সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী।

গত ৫ জুলাই মিন্টো রোডের সরকারি বাসার সামনে প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে হিপ জয়েন্টের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

ভারতের চিকিৎসক অধ্যাপক ভিনু ম্যাথুইজের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে মেননের অস্ত্রোপচার করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে সমাজকল্যাণমন্ত্রী প্রতিদিন হুইল ওয়াকার চেয়ারে ভর দিয়ে সকাল-সন্ধ্যা দুই বেলা আট মিনিট করে হাঁটছেন।”

বাসায় ফেরার পর মেননকে আরও অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওই সময়টায় বাড়িতে থেকেই গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ করতে পারবেন বলে আশা করছেন মন্ত্রী।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান মেনন। চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিসভায় রদবদলে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

আরও খবর

অস্ত্রোপচারের পর বিশ্রামে মেনন  

মেননকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের  

মেননকে দেখতে হাসপাতালে মুহিত  

হাঁটতে পারছেন মেনন