সহযোগিতা করছি ইসিকে, হস্তক্ষেপ হচ্ছে না: কাদের
বিএনপি অভিযোগ করে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না।
গাজীপুরে ভোটগ্রহণের আগের দিন সোমবার বিকালে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীকে জেতাতে প্রশাসন প্রভাব বিস্তার করছে বলে বিএনপি অভিযোগ করে আসছে।
বিএনপি ইসিতে নালিশ জানানোর পরদিন সোমবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও ইসিতে যায়। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম ইসিতে সাংবাদিকদের বলেন, বিএনপির উদ্দেশ্য ইসিকে হেয় করা।
এরপর বিকালে সংবাদ সম্মেলনে এসে ওবায়দুল কাদের বলেন, “এত বড় নির্বাচন হচ্ছে, এখনও কোথাও সংঘাতের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে গাজীপুরে।”
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার ইসিকে সহযোগিতা করছে জানিয়ে এই মন্ত্রী বলেন, “সরকার ফেসিলেটেট করছে, কোনো প্রকার ইন্টারফেয়ারেন্স করছে না।
“সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা করছে। এটাই আমাদের সংবিধানের বিধান, যেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিচ্ছেন জানিয়ে কাদের বলেন, “এটাই প্রধানমন্ত্রীর কথা- ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। কোনো প্রকার হস্তক্ষেপ এখানে থাকবে না।”
বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, “আজ যারা বড় বড় কথা বলে, তাদের মাগুরা মার্কা, ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন আজও মানুষের চোখে ভেসে আসে।
“২০০১ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। গাজীপুরে ভোট কারচুপি হলে ভয়াবহ পরিণতি হবে- এই হুঁশিয়ারি যিনি দিয়েছেন, তিনিই ২০০১ সালে নিজের নির্বাচনী এলাকায় গাড়ি থেকে নেমেই বলেন- ‘সকাল ১০টা বাজে, এখনও ভোট দেওয়া শেষ হয়নি?’ এই হচ্ছে বিএনপির নির্বাচন।”
কাদের বলেন, “এইসব তাদের (বিএনপি) পুরোনো ভাঙা রেকর্ড। রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির পুরোনো অভ্যাস।”
গাজীপুরের ভোটারদের তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “নারায়ণগঞ্জে যেমন নির্বাচন হয়েছে, কুমিল্লায় নির্বাচন হয়েছে রংপুরে খুলনায় যেমন হয়েছে, ঠিক একইভাবে গাজীপুরেও নির্বাচন হবে।
