আপনি উল্টা-পাল্টা করলে আমি বলতেই থাকব: মুহিতকে বি চৌধুরী
জিনিসপত্রের দাম নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এক বক্তব্যকে ‘ভ্রান্ত’ দাবি করে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, মন্ত্রী এরকম ‘উল্টা-পাল্টা’ করতে থাকলে তার বিরুদ্ধে তিনি কথা বলতেই থাকবেন।
মাস দুয়েক আগেই অর্থমন্ত্রী মুহিতের সমালোচনায় তার বয়সের প্রসঙ্গ তুলে পাল্টা বাকআক্রমণের মুখে পড়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
“আমার কথা হল, যেদিন আমি বাংলাদেশের বিরুদ্ধে একটি ক্ষতিকর কথা বলব, একটি ক্ষতিকর কাজ করব, ইনশাল্লাহ, আমাকে বলতে হবে না, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে রিটায়ার করব।
“কিন্তু যতদিন আপনি করতে থাকবেন উল্টা-পাল্টা, আমি বলতেই থাকব। কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, আমি তো আমার জন্য করি না।”
আসন্ন বাজেট নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অর্থমন্ত্রীর একটি বক্তব্য ‘ভ্রান্ত’ দাবি করে এসব বলেন বিকল্পধারার সভাপতি বি চৌধুরী।
তিনি বলেন, “ফেইসবুকে দেখলাম, মাননীয় অর্থমন্ত্রী সাহেব বলছেন, গত ১০ বছরে নাকি বাংলাদেশের কোনো জিনিসের দাম বাড়েনি। চিন্তা করেন, মানে ইয়াবা কি বেশি বিক্রি হচ্ছে, নাকি বেশি স্মাগলিং হচ্ছে? এটা কী কথা? একটা লিমিট থাকা উচিত।”
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রোজার মধ্যে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে দাবি করে বি চৌধুরী বলেন, “আপনারা জানেন যে মুরগি ছিল ১৮০ টাকা কেজি সেটা এই রোজার মধ্যেই এখন ৩২০ টাকা হয়েছে। চাল, ডাল, নুন, তেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম, বিদ্যুতের, গ্যাসের দাম কয়বার বাড়ছে? কিছুই নাকি বাড়েনি! কী কয় এগুলো?”
“আপনি জনগণের সামনে যেসব কথা বলছেন এগুলো একদম ভ্রান্ত। এতগুলো সাংবাদিক ছিল, উনাকে কেউ তো জিজ্ঞাস করতে পারতেন, লাস্ট কখন মুরগি কিনে খেয়েছেন।”
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
‘সুশীল সমাজ’ ও রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “আগামীতে সুষ্ঠু নির্বাচন দেওয়া না হলে এই দেশে গণতন্ত্রের কবর রচনা হবে। তখন কিছুই করতে পারবেন না। তখন এমন সরকারও আসতে পারে যে সরকার গণতন্ত্রকে স্বীকার করে না। এটাও ভয়াবহ, সেই সরকার আসুন আমরা তা চাই না।”
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “রাজনীতিটা কর্মীদের হাতে দিতে হবে, রাজনীতি আমলার হাতে দিলে হবে না। পুলিশের দ্বারা রাজনীতি নিয়ন্ত্রিত হলে হবে না।”
তিনি বলেন, “আজকের সরকার তার রাজনৈতিক কর্মীকে যতটা না বিশ্বাস করে তার চেয়ে বেশি আস্থা করে হল পুলিশকে। সেইজন্যই তারা গোপালগঞ্জ, কিশোরগঞ্জ অমুকগঞ্জের পুলিশের দ্বারা আশা করে তারা ক্ষমতায় থাকবে। তারা আমলার দ্বারা আশা করছে ক্ষমতায় থাকবে।”
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সরকার কী করেনি? ক্ষমতায় থাকবার জন্য তারা কী করেনি?”
টেকনাফের কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর আগে স্ত্রী-সন্তানের সঙ্গে তার ‘কথোপকথনের অডিও’ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে মানবতার কত বড় নিষ্ঠুরতা তা একরামুল হকের স্ত্রী-মেয়েদের সঙ্গে তার মৃত্যুর আগের কথার এসব অডিওগুলোতে আছে।”
মান্না বলেন, “একরাম ইয়াবা ব্যবসায়ী নন, তিনি যদি ইয়াবা ব্যবসায়ী হয়েও থাকতেন তাহলেও তাকে এভাবে মারার অধিকার কারো নেই।”
এখন জীবন বাঁচানোর জন্য সবাইকে জীবন বাজি রেখে লড়াই করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
‘সোনার বাংলা পার্টি’ নামে একটি সংগঠনের আয়োজনে এর প্রতিষ্ঠাতা মিরাজুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘রাজনীতি: নৈতিকতা চেতনা, ধর্ম ও আদর্শ’ শিরোনামে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শেখ আবদুর নূর।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, জেএসডির সভাপতি আ স ম আব্দুর বর ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।
