২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় আন্দোলনের প্রস্তুতি নিন: নজরুল

আওয়ামী লীগ সরকারকে হটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 06:10 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন তুলে আসার মধ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

নজরুল দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, “যারা আমাদের বন্ধুরা আছেন, যাদের বয়স আছে, যাদের সাহস আছে, তারা সবাই প্রস্তুতি নিন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনই আমাদের পথ।”

অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে  ঐক্যবদ্ধ আন্দোলনের আশা রেখে তিনি বলেন, “ঐক্যবদ্ধ বৃহত্তর গণ-আন্দোলন- এটাই আগামী দিনের বাংলাদেশ। সেই আন্দোলনের মাধ্যমেই পতন ঘটবে স্বৈরাচার সরকারের।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন নজরুল।

“আপিল বিভাগ ঈদেরও পরে একটা তারিখ দিয়েছে। অর্থাৎ এর আগে দেশনেত্রী  কারাগার থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ থাকল না। এতদিন লাগবে কেন, এটা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুব দুস্কর। আমরা এতটুক বুঝি যে সিদ্ধান্তে সন্তুষ্ট হয়েছে, যারা খালেদা জিয়াকে কারাগারে রাখতে চায়।

“তাদের সন্তুষ্ট করার দায়িত্ব তো দেশের উচ্চ আদালতের নাই। আমরা তাদের কাছে সুবিচার প্রত্যাশা করি, মানবিক সিদ্ধান্ত প্রত্যাশা করি, আইনানুগ সিদ্ধান্ত প্রত্যাশা করি। চাইলে তারা আরও কম সময়ের মধ্যে মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে পারতেন।”

‘অপরাজেয় বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী। বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন বক্তব্য রাখেন।