২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোসেফকে নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই: কাদের

রাষ্ট্রপতির ক্ষমায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত কারাদণ্ডপ্রাপ্ত জোসেফের মুক্তি পাওয়া নিয়ে রুহুল কবির রিজভীর ‘বিস্ময়’ প্রকাশের প্রতিক্রিয়ায় বিএনপিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী দল’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 02:17 AM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শুক্রবার রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির এই ব্যাপারে কথা বলার কোনো অধিকারই নেই। কারণ তাদের যে দল, এই দলকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে রায় দেওয়া হয়েছে।”

কানাডার আদালতে বিএনপির এক নেতার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হওয়ার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, “তাদের একজন দলীয় নেতা সাধারণ কোর্টে আবেদন করেছে সেখানে জামিন হয়নি। কারণ সে হচ্ছে বিএনপি নামক সন্ত্রাসী দলের সদস্য।

“এরপরে যখন এই মামলার আপিল করা হয় আপিলেও কানাডার উচ্চ আদালত রায় দিয়েছে, বিএনপি হচ্ছে সন্ত্রাসী দল, এই দলের সদস্যও সন্ত্রাসী কাজেই একে ছাড়া দেওয়া যাবে না। তাকে মুক্তি দেওয়া যাবে না, তাকে  রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।”

দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তোফায়েল আহমেদ জোসেফ  রাষ্ট্রপতির ক্ষমায় সম্প্রতি মুক্তি পেয়েছেন।

এ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “কী অদ্ভুত ব্যাপার!”

ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত দুর্নীতিবাজদের দলে সদস্য হওয়ার সুযোগ করে দিতে বিএনপি নিজেদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে।

“আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল, কানাডার আদালতে বিশ্বস্বীকৃত সন্ত্রাসী দল, সেই দলের এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।”

’ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নির্বাচনে জিতবে না এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে এই সব অজুহাত তৈরি করেছে।”

আরও খবর

খালেদার জামিন নিয়ে ‘ছিনিমিনি’ খেলছে সরকার: বিএনপি  

সময় এসেছে  রুখে দাঁড়াবার: ফখরুল  

‘সন্ত্রাসী দল’ বিএনপির আরেক কর্মী কানাডার আদালতে হারলেন  

পুরনো খবর:

‘শীর্ষ সন্ত্রাসী’ জোসেফ এখন মুক্ত