সময় এসেছে রুখে দাঁড়াবার: ফখরুল
খালেদা জিয়ার জামিন আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন ‘রুখে দাঁড়াবার’ সময় হয়েছে, কেননা তাদের আর হারানোর কিছু নেই।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে ‘এক ব্যক্তির শাসন’ পাকাপোক্ত করতেই গণতন্ত্র ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।
“আমি স্পষ্ট করে বলতে চাই, এখন সময় এসেছে রুখে দাঁড়াবার, সময় এসেছে একেবারে প্রতিবাদ করার, প্রতিরোধ করবার। আজকে প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ পরিণতি থেকে দেশকে ও জাতিকে রক্ষা করা।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর চার মাস ধরে বন্দি খালেদা জিয়া কুমিল্লার আরও দুটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ফলে ঈদের আগেই তার মুক্তির আশা করেছিলেন বিএনপি নেতারা।
কিন্তু হাই কোর্টের দেওয়া ওই জামিন আদেশ আপিল বিভাগ ২৪ জুন পর্যন্ত স্থগিত করে দেওয়ায় ঈদের আগে খালেদার মুক্তি আটকে গেছে।
বিএনপি মহাসচিবের দাবি, তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে যেভাবে আটক রাখা হয়েছে তা ‘সম্পূর্ণ অন্যায় ও নজিরবিহীন’।
“আমি জানি না একথা বললে আদালত অবমাননা হবে কিনা। হলেও কিছু যায় আসে না। কারণ এখন আমাদের হারাবার কিছু নাই, আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। তাই এখন সময় এসেছে রুখে দাঁড়াবার।“
ফখরুলের অভিযোগ, এখন কেবল মানুষের ভোটের অধিকার নয়, কথা বলার স্বাধীনতা নয়, জনগণের নাগরিক অধিকারও ‘ধ্বংস করে’ ফেলা হয়েছে।
“আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আসুন পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে সেই দোয়া চাই, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, সেই শক্তি দিয়ে এই ভয়াবহ স্বৈরাচার দানবকে প্রতিরোধ করার লক্ষ্যে আমরা জেগে উঠতে পারি। দেশনেত্রীকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।”
ফখরুলর ভাষায়, এত খারাপ সময় বাংলাদেশের মানুষ কখনও দেখেনি।
কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে মেহেরপুর বিএনপির সভাপতি মাসুদ অরুণের লেখা গানের সিডি ‘রণধ্বনি’র মোড়ক উন্মোচন উপলক্ষে নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সাংসদ মাসুদ অরুণের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু বক্তব্য দেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান, কৃষক দলের মাইনুল ইসলাম, মহানগর দক্ষিণের সাইদুর রহমান মিন্টু, খতিবুর রহমান, খোকন ও মোজাম্মেলন হক মুক্তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
