পুলিশ বস্ত্র ও ইফতার বিতরণ করতে দেয়নি, অভিযোগ বিএনপির
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পুলিশ দুঃস্থদের মধ্যে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই সরকারের যে দমননীতি… বিরোধী মত-পথ–বিএনপিকে ধ্বংস করবার যে নীতি, বিশেষ করে শহীদ জিয়ার সমস্ত চেতনাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবে আজকে তারা ত্রাণ বিতরণের কর্মসূচিতে সব জায়গায় বাধা দিয়েছে।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণের এই কর্মসূচি নিয়েছিল বিএনপি।
ফখরুল বলছেন,তাদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিন দিন আগে ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে এ কর্মসূচির কথা জানিয়েছিলেন।
“কিন্তু পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার রাত ১২টার পরে জানানো হয়েছে, বাইরে কিছুই করা যাবে না। পারলে ঘরের ভেতরে করতে হবে। এখন ঘরের মধ্যেও তারা এলাউ করছে না। সেখানেও পুলিশ দিয়ে তারা সব কিছু ভেঙে দিচ্ছে, কর্মীদের গ্রেপ্তার করছে।”
ফখরুলের বলেন, সকালে শেরেবাংলা নগরের টিঅ্যান্ডটি মাঠে টেবিল সাজিয়ে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ সকালেই তা ভেঙে দিয়েছে।
“আমি পরে গিয়ে কিছু বিতরণ করতে পেরেছি। এরপর মোহাম্মদপুর টাউন হলে, শহীদ পার্কে যেসব আয়োজন ছিল, সবকিছু পুলিশ ভেঙে দিয়ে কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কলাবাগানেও একই অবস্থা করেছে।”
ঢাকা মহানগর দক্ষিণের ২৫ জায়গায় এ আয়োজন হলেও কোথাও পুলিশ তা করতে দেয়নি দাবি করে পুলিশের ভূমিকার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, দুপুর পর্যন্ত রাজধানীতে নয় জনকে গ্রেপ্তারের খবর পেয়েছেন তারা।
তবে বিএনপির এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
