জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি বিএনপির
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে।
২৯ মে সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। ৩০ মে সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি। জিয়ার কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী ও বই মেলারও আয়োজন থাকবে।
বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে ৩০ মে কালো পতাকা উত্তোলন করে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়া বিভাগীয় শহরগুলোতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে হবে বইমেলা।
১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যদের হাতে নিহত হন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি একটি পোস্টার প্রকাশ করবে। প ত্রিকায় প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, বেলাল আহমেদ, জন গোমেজ উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগর বিএনপির কাজী আবুল বাশার, বজলুল বাসিত আনজু, এজিএম শামসুল হক, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, যুব দলের মোরতাজুল করীম বাদরু,নুরুল ইসলাম নয়ন, মহিলা দলের সুলতানা আহমেদ, শ্রমিক দলের নুরুল ইসলাম খান নাসিম, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ,উলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎসজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, কৃষক দলের তকদির হোসেন জসিম, জামাল উদ্দিন খান মিলন, ছাত্র দলের ইকতিয়ার কবির উপস্থিত ছিলেন সভায়।
