২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার দিকে তাকান: প্রধানমন্ত্রীকে ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার নির্বাচনের দিকে তাকাতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 04:41 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আহ্বান করব এই অবৈধ সরকার ও অবৈধ প্রধানমন্ত্রীকে, মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন। দুর্নীতি করলে, জনগণের বাইরে চলে গেলে, গণতন্ত্রের বাইরের চলে গেলে- সকল শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না।… আজকে মালয়েশিয়াতে সেটাই প্রমাণিত হয়েছে।”

বুধবার মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ে পেয়েছে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা হিসেবে শপথ নেন মাহাথির।

এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বারিসান ন্যাসিওনাল (বিএন) জোটের ৬১ বছরের শাসনের অবসান হল, যে দলের হয়ে মাহাথির নিজেও  ২২ বছর ক্ষমতায় ছিলেন।

এবারের নির্বাচনে বিরোধী জোটের নেতা হিসেবে সে দলেরই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে টেনে নামালেন তিনি।

বিএনপির নেতৃত্বে খালেদা জিয়ার ৩৪ বছর পূর্তি উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়া প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “আসুন আমরা সবাই জাতীয় ঐক্য সৃষ্টি করি। জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা এই ভয়াবহ দানব যে, আমাদের সব কিছু লুটে নিয়ে যাচ্ছে তাকে পরজিত করি। জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করি- এই হোক আমাদের আজকের শপথ।”

ফখরুল বলেন, “আমরা সেজন্য আহ্বান করেছি সকল দলকে, সকল  মতকে, সকল ব্যক্তিকে,  দেশনেত্রী যে আন্দোলন চালাচ্ছেন, যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আসুন সবাই সেই আন্দোলনে শরিক হয়ে আমাদের দেশকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি।”

একটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তাকে ‘অন্যায়ভাবে’ কারাগারে বন্দি রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

খুলনা নির্বাচন প্রসঙ্গে

স্থানীয় সরকারের আসন্ন দুটি নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট নিয়ে ‘নাটক করছে’।

“ আজকে নির্বাচন নিয়ে তারা প্রহসন করছে। গাজীপুর নির্বাচন নিয়ে এমন একটা কাজ করল, যেটা জনগণ বুঝে নিয়েছে যে কারা করছে, কীভাবে করছে। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আজকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে আমাদের নেতা-কর্মীদের। এমনকি এজেন্ট যারা হবেন. তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে।”

সরকার পুলিশ দিয়ে ভোটের মাঠ দখল করে নিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “আওয়ামী লীগ তো মাঠে নেই, মাঠে পুলিশ। তারাই আজকে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এরকম রাষ্ট্র তৈরি করেছেন শেখ হাসিনা।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশনেত্রীর রাজনীতি সংগ্রাম ও সফলতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। পাশাপাশি একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের সদস্য আলোকচিত্রী বাবুল তালুকদার বক্তব্য দেন।

বিএনপি নেতা আবেদ রাজা, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল ইসলাম , শায়রুল কবির খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।